হাঁটুর চোটের কারণে ইংল্যান্ডের বিপক্ষে প্রথম ওয়ানডে মিস করেছেন বিরাট কোহলি। সাধারণত চোটের কারণে খুব কমই ম্যাচ মিস করেন তিনি, কিন্তু বৃহস্পতিবারের ম্যাচে তাকে ছাড়াই মাঠে নামে ভারত।
সিরিজ শুরুর আগে অনুশীলনে কোহলির হাঁটুতে ভারী ব্যান্ডেজ দেখা যায়। তবে হোটেলে ফেরার পর তার হাঁটুতে কিছুটা ফোলা লক্ষ্য করা হয়, যা দলের ম্যানেজমেন্টকে বিকল্প পরিকল্পনা নিতে বাধ্য করে। অধিনায়ক রোহিত শর্মা ও প্রধান কোচ গৌতম গম্ভীরের নেতৃত্বে দলীয় সিদ্ধান্তে শ্রেয়াস আইয়ারকে একাদশে সুযোগ দেওয়া হয়, যিনি দুর্দান্ত পারফরম্যান্স করেন।
তবে টাইমস অফ ইন্ডিয়ার প্রতিবেদনে বলা হয়েছে, দ্বিতীয় ওয়ানডেতে কোহলির ফেরার সম্ভাবনা রয়েছে। বিসিসিআই সূত্র জানায়, "তার ডান হাঁটু অনুশীলনের সময় ঠিক ছিল, কিন্তু হোটেলে ফেরার পর কিছুটা ফোলা দেখা যায়। তবে এটি গুরুতর কিছু নয়। আশা করা হচ্ছে, তিনি কটকের ওয়ানডেতে খেলবেন।"
এই সিরিজটি আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফির প্রস্তুতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে বিবেচিত হচ্ছে। যদিও গত এক বছরে কোহলি সেরা ফর্মে ছিলেন না, তবে এই সিরিজে তিনি ছন্দে ফেরার জন্য মুখিয়ে আছেন।
উল্লেখ্য, শেষবার কোহলি চোটের কারণে কোনো ম্যাচ মিস করেছিলেন ২০২২ সালে, যখন পিঠের ব্যথার কারণে তিনি দক্ষিণ আফ্রিকার বিপক্ষে একটি টেস্ট খেলতে পারেননি। এবার হাঁটুর সমস্যায় প্রথম ওয়ানডে মিস করলেও, দ্বিতীয় ম্যাচেই ফেরার সম্ভাবনায় আশাবাদী ভক্তরা।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
