চ্যাম্পিয়ন্স ট্রফির আর বাকি মাত্র এক দিন। আট জাতির এই প্রতিযোগিতায় ক্রিকেটপ্রেমীদের নজর এখন সবচেয়ে আকর্ষণীয় লড়াইয়ের দিকে—ভারত-পাকিস্তান মহারণ। আগামী ২৩ ফেব্রুয়ারি দুবাইতে মুখোমুখি হবে চিরপ্রতিদ্বন্দ্বী দুই দল। তার আগেই কথার লড়াইয়ে জমে উঠেছে ক্রিকেট বিশ্ব।
ভারত-পাকিস্তান ম্যাচকে ঘিরে সম্প্রচারকারী চ্যানেল স্টার স্পোর্টস আয়োজন করেছিল বিশেষ এক আলোচনা অনুষ্ঠান। যেখানে উপস্থিত ছিলেন পাকিস্তানের সাবেক তারকা শহীদ আফ্রিদি ও ইনজামাম-উল-হক, ভারতের হয়ে প্রতিনিধিত্ব করেছেন যুবরাজ সিং ও নভোজিৎ সিং সিধু।
অনুষ্ঠানে দুই দলের পারফরম্যান্স নিয়ে প্রশ্ন করা হয় চারজনকেই। জানতে চাওয়া হয়—কোন ব্যাটসম্যান করবেন বেশি রান, কে পাবেন সবচেয়ে বেশি উইকেট, ম্যাচের ভাগ্য ঘুরিয়ে দিতে পারেন কে, আর মোহাম্মদ শামি না শাহিন শাহ আফ্রিদি—দুজনের মধ্যে কে দেখাবেন দাপট? নিজেদের পছন্দের উত্তর দিয়েছেন সাবেক তারকারা।
তবে আলোচনার সবচেয়ে উত্তপ্ত মুহূর্ত আসে মূল প্রশ্নে—ভারত না পাকিস্তান, কে জিতবে ম্যাচ? পাকিস্তানের আফ্রিদি ও ইনজামাম কৌশলী উত্তর দিয়ে বলেন, "মাঠের লড়াইয়েই বোঝা যাবে ফলাফল।" ভারতের সাবেক ওপেনার নভোজিৎ সিং সিধু কোনো রাখঢাক না রেখেই ভারতের জয়কে সমর্থন দেন। কিন্তু চমক দেখান যুবরাজ সিং। তিনি ভারতীয় সমর্থকদের হতাশ করে বলেন, “দুবাইয়ে পাকিস্তানকে হারানো কঠিন।”
এই মন্তব্যের পর ভারতীয় সমর্থকদের মধ্যে হতাশা ছড়িয়ে পড়লেও, যুবরাজ তার ব্যাখ্যায় বলেন, “দুবাইয়ের কন্ডিশনে পাকিস্তান সব সময় দারুণ খেলে। তাই তাদের হারানো সহজ হবে না।”
চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতের সূচি:
ভারত ২০ ফেব্রুয়ারি প্রথম ম্যাচে মুখোমুখি হবে বাংলাদেশের। এরপর ২৩ ফেব্রুয়ারি পাকিস্তানের বিপক্ষে মহারণ। এই গ্রুপের আরেকটি দল নিউজিল্যান্ড। চার দলের এই গ্রুপ থেকে সেরা দুই দল পাবে সেমিফাইনালের টিকিট।
ক্রিকেটপ্রেমীরা অধীর আগ্রহে অপেক্ষা করছেন ২৩ ফেব্রুয়ারির ব্লকবাস্টার ম্যাচটির জন্য। এখন দেখার পালা, কথার লড়াই শেষ করে মাঠের যুদ্ধে কে হাসবে শেষ হাসি!

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
