ঢাকা, ২৮ নভেম্বর ২০২৬, শনিবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

দুবাইয়ে স্পিন-পেস নিয়ে বাংলাদেশ-ভারত ‘উত্তেজনা’

খেলা | অনলাইন ডেস্ক

(১ বছর আগে) ২০ ফেব্রুয়ারি ২০২৫, বৃহস্পতিবার, ১১:২৩ পূর্বাহ্ন

banglahour

চ্যাম্পিয়নস ট্রফিতে এবার স্বাগতিক দল দুটি বললে কি খুব বেশি ভুল বলা হবে? এক স্বাগতিক দল তো পাকিস্তানই। সংযুক্ত আরব আমিরাতে টুর্নামেন্টের একটা অংশ হলেও অন্য স্বাগতিক কিন্তু আমিরাত দল নয়, অন্য ‘স্বাগতিক’ রোহিত শর্মার ভারত।

ভারতকে রূপক অর্থে স্বাগতিক বলার কারণটা সবারই বুঝতে পারার কথা। রাজনৈতিক কারণে ভারতীয় দল পাকিস্তানে টুর্নামেন্টের কোনো ম্যাচ খেলবে না। গ্রুপের সব ম্যাচ তো বটেই, সেমিফাইনাল ও ফাইনালে উঠলে সেই ম্যাচগুলোও খেলবে নিরপেক্ষ ভেন্যু দুবাইয়ে। অন্য দলগুলোকে পাকিস্তান–দুবাই–পাকিস্তান করে টুর্নামেন্ট খেলতে হবে। বাংলাদেশ দল যেমন আজ দুবাইয়ে ভারতের বিপক্ষে প্রথম ম্যাচ খেলে গ্রুপের পরের দুই ম্যাচ খেলতে আগামীকাল চলে যাবে পাকিস্তানে।

দুবাইকে নিরপেক্ষ না বলে ‘তথাকথিত নিরপেক্ষ’ ভেন্যু বলাই ভালো। নিরপেক্ষ কোথায়, এটি এক অর্থে তো ভারতেরই ভেন্যু!

পাকিস্তানে পাকিস্তানের যেকোনো ম্যাচে পাকিস্তানের সমর্থন বেশি থাকবে স্বাভাবিক। কিন্তু পাকিস্তানে খেললে অন্য ম্যাচগুলোতেও ভারতীয় দল যে পরিমাণ সমর্থন পেত; দুবাইয়ে এর চেয়ে অনেক অনেক বেশি তো বটেই, অনেকটা দেশের মতোই সমর্থন পাবে। দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে আজ বাংলাদেশের সমর্থনও কম থাকার কথা নয়। তবে ভারতের তুলনায় সেটি নগণ্যই হবে হয়তো।

বুধবার সন্ধ্যায় বাংলাদেশ–ভারত ম্যাচের প্রিভিউ লেখার সময় আবারও মনে হলো, ভারত আসলেই এই টুর্নামেন্টের আরেক স্বাগতিক। পরদিন যেখানে খেলা, সেই দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামের সবুজ মাঠে অনুশীলন করছে ভারতীয় দল। ড্রেসিংরুমের সামনের জায়গাটায় সাদা প্লাস্টিকের চেয়ার সারি করে রাখা। দুই পাশে দুই দল ভাগ হয়ে তার ওপর দিয়ে বল মেরে খেলছে গা–গরমের পায়ের ‘ভলিবল’।

দুপুরে বাংলাদেশ দল অনুশীলন করেছে মূল স্টেডিয়াম থেকে দুই কিলোমিটার দূরের আইসিসি একাডেমি মাঠে। তবে ম্যাচের আগের দিন মূল মাঠে অনুশীলন না করা নিয়ে অভিযোগের কিছু নেই। বাংলাদেশ দল কালও পুরোদমে নেট অনুশীলন করেছে। ভারতীয় স্পিনারদের কথা মাথায় রেখে ব্যাটিং অনুশীলনে স্পিন খেলার ওপর জোরও দিয়েছে। যেটা মূল স্টেডিয়ামে করার সুযোগ ছিল না। দুবাইয়ের এই মাঠে নেট অনুশীলনের সুবিধাই নেই।

ভারতও সেটা করেনি। তবে ম্যাচের আগের দিন দাঁড়িয়ে থেকে হলেও মাঠের আবহ গায়ে মাখার একটা সুবিধা তো থাকেই। ভারতের বোলাররা মাঝ–উইকেটে বোলিং করলেন, ক্যাচিং প্র্যাকটিসও হলো মূল মাঠে। সব মিলিয়ে ঘরের মাঠে খেলা হলে স্বাগতিকেরা যা যা সুবিধা নিয়ে থাকে, সবই নিয়েছে ভারত।

খেলা থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭৭৮০০৪৭০০
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
বিশেষ প্রতিনিধিঃ তাহিরুল ইসলাম