ঢাকা, ২৮ নভেম্বর ২০২৬, শনিবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

নেইমারের প্রত্যাবর্তন, ব্রাজিল দলে ডাক পেলেন দেড় বছর পর

খেলা | অনলাইন ডেস্ক

(১ বছর আগে) ১ মার্চ ২০২৫, শনিবার, ৫:৩৯ অপরাহ্ন

banglahour

শৈশবের ক্লাব সান্তোসে যোগ দেওয়ার পরপরই ব্রাজিল জাতীয় দলে ফেরার স্বপ্ন পূরণ হলো নেইমারের। চলতি বছরের জানুয়ারিতে সৌদি ক্লাব আল-হিলাল ছেড়ে সান্তোসে নাম লিখিয়েছেন তিনি। সেখানেই ছন্দে ফেরার চেষ্টা চালাচ্ছেন এই ব্রাজিলিয়ান তারকা। এবার জাতীয় দলে ফেরার আরও এক ধাপ এগিয়ে গেলেন তিনি।

ব্রাজিলের কোচ দরিভাল জুনিয়র সম্প্রতি ঘোষিত ৫২ সদস্যের প্রাথমিক দলে অন্তর্ভুক্ত করেছেন নেইমারকে। যদিও এটি চূড়ান্ত দল নয়। এখান থেকে বাছাই করা ২৩ জন খেলোয়াড় মার্চের আন্তর্জাতিক উইন্ডোর জন্য ব্রাজিলের মূল দলে জায়গা পাবেন।

আগামী ২১ মার্চ কলম্বিয়ার বিপক্ষে এবং ২৬ মার্চ চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনার বিপক্ষে বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচ খেলবে সেলেসাওরা। নেইমার এই দুই ম্যাচে খেলার আগ্রহ প্রকাশ করেছিলেন আগেই, তবে দলে অন্তর্ভুক্তির সিদ্ধান্ত কোচের ওপরই ছেড়ে দিয়েছিলেন। এবার প্রাথমিক দলে ডাক পাওয়ায় তার মাঠে ফেরার সম্ভাবনা উজ্জ্বল হলো।

দেড় বছর আগে, ২০২৩ সালের অক্টোবরে বিশ্বকাপ বাছাইপর্বে উরুগুয়ের বিপক্ষে খেলার সময় গুরুতর চোটে (এসিএল ইনজুরি) পড়েন নেইমার। এরপর দীর্ঘ পুনর্বাসন প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হয় তাকে। প্রায় এক বছর পর মাঠে ফিরলেও আল-হিলালের হয়ে খুব বেশি ম্যাচ খেলতে পারেননি তিনি। একাধিক চোট সমস্যার কারণে শেষ পর্যন্ত নিজ শৈশবের ক্লাব সান্তোসে ফেরার সিদ্ধান্ত নেন এই ব্রাজিলিয়ান সুপারস্টার।

অন্যদিকে, বিশ্বকাপ বাছাইপর্বে নিজেদের ইতিহাসের সবচেয়ে কঠিন সময় পার করছে ব্রাজিল। দক্ষিণ আমেরিকা অঞ্চলের বাছাইপর্বে শীর্ষ ছয় দল বিশ্বকাপে সরাসরি জায়গা পাবে, আর সপ্তম দলকে খেলতে হবে প্লে-অফ। বর্তমানে ১২ ম্যাচে ১৮ পয়েন্ট নিয়ে টেবিলের পঞ্চম স্থানে রয়েছে ব্রাজিল। অন্যদিকে, ২৫ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে তাদের চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনা।

দলটির সাম্প্রতিক বাজে পারফরম্যান্সে সমর্থকদের পাশাপাশি সাবেক ফুটবলারদের মধ্যেও হতাশা দেখা যাচ্ছে। নেইমারের প্রত্যাবর্তন দলকে পুনরায় দাপটের সঙ্গে খেলতে সাহায্য করতে পারে কিনা, সেটিই এখন দেখার বিষয়।

খেলা থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭৭৮০০৪৭০০
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
বিশেষ প্রতিনিধিঃ তাহিরুল ইসলাম