দেশের ক্রীড়াঙ্গনকে বিকেন্দ্রীকরণের লক্ষ্যে স্পোর্টস ভিলেজ বা হাবের পরিকল্পনা বাংলাদেশের দীর্ঘদিনের। সেই পরিকল্পনাকেই এবার বাস্তবে রূপ দিতে চলেছে অন্তর্বর্তী সরকার। এতে বাংলাদেশকে সহযোগিতা করবে সংযুক্ত আরব আমিরাত।
আজ রোববার জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবস উপলক্ষে জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠানে যোগ দিয়ে যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া এই বিষয়টি জানান।
আন্তর্জাতিক ক্রীড়া দিবস উপলক্ষে সুবিধাবঞ্চিত শিশুদের নিয়ে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়। ম্যাচের পর পুরস্কার বিতরণী অনুষ্ঠান শেষে স্পোর্টস হাব নিয়ে ক্রীড়া উপদেষ্টা বলেন, ‘আমরা প্রথম দিক থেকেই ভাবছিলাম সেন্ট্রাল জায়গা বা স্পোর্টস ভিলেজ করার। সংযুক্ত আরব আমিরাত সহায়তা করবে। যেহেতু আমরা ক্রীড়া বিকেন্দ্রীকরণের পরিকল্পনা করছি এজন্য দেশের ৮ বিভাগে স্পোর্টস হাব করব।’
বাংলাদেশ এই স্পোর্টস হাব নিয়ে চীনের সঙ্গে প্রাথমিক আলোচনা করলেও পরবর্তীতে সংযুক্ত আরব আমিরাতের সঙ্গে বিষয়টি চূড়ান্ত হয়। প্রধান উপদেষ্টা ড.মুহাম্মদ ইউনূস সম্প্রতি আরব আমিরাত সফরে এটি নিয়ে কাজ করেছেন, ‘মাননীয় প্রধান উপদেষ্টা স্যারকে আমরা বিষয়টি বলেছিলাম। স্যার যখন আরব আমিরাত সফরে গিয়েছিলেন তখন স্যারটি বিষটি আলোচনা করেন এবং আরব আমিরাত আমাদের এই বিষয়ে সহায়তা করতে চায়।’
যুব ও ক্রীড়া মন্ত্রণালয় স্পোর্টস হাব নিয়ে এখন বিস্তারিত কাজ করছে। ক্রীড়া উপদেষ্টা বলেন, ‘ক্রীড়া মন্ত্রণালয়ে এই বিষয়ে ডিজাইনিং ও অন্য বিস্তারিত কাজ করছে। কী পরিমাণ অর্থ প্রয়োজন সেটা আমরা জানাব। আশা করছি সামনের অর্থ বছরেই কাজ শুরু করতে পারব।’

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
