ঢাকা, ৭ এপ্রিল ২০২৫ — ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরাইলি বর্বরতা এখন চরম পর্যায়ে পৌঁছেছে। বিশেষ করে খান ইউনিস এলাকায় চালানো সর্বাত্মক হামলায় প্রাণ হারিয়েছেন অন্তত ১৯ জন, যাদের মধ্যে রয়েছে নারী ও শিশুরাও। আবাসিক ভবন ও অস্থায়ী আশ্রয়কেন্দ্রে চালানো হামলায় বহু মানুষ এখনও ধ্বংসস্তূপের নিচে আটকে রয়েছেন।
এই বর্বরতার বিরুদ্ধে বিশ্বব্যাপী শুরু হয়েছে প্রতিবাদ ও সংহতির ঢেউ। বাংলাদেশের সাধারণ জনগণের পাশাপাশি ঢালিউড তারকারাও প্রতিবাদে সরব হয়েছেন।
জয়া আহসান: “মানুষের হৃদয়ের ওপর থেকে পর্দা সরুক”
রোববার রাতে ফেসবুকে এক স্ট্যাটাসে অভিনেত্রী জয়া আহসান ক্ষোভ প্রকাশ করে লেখেন—
“দক্ষিণ গাজায় ইসরাইলি সেনারা ১৫ জন জরুরি চিকিৎসাকর্মীকে হত্যা করেছে। গাজায় যে নিষ্ঠুর আর হৃদয়হীন গণহত্যা ইসরাইল চালিয়ে আসছে— এটি তারই অংশ। পৃথিবীকে তারা ফিলিস্তিনশূন্য করার নিয়ত নিয়ে নেমেছে।”
তিনি আরও লেখেন—
“বিশ্ববাসীর প্রতিবাদে ইসরাইল ভ্রূক্ষেপ করবে না, সেটি জানি। কিন্তু বাকি বিশ্ব? বিশ্বের বড় বড় নেতারা? এভাবে শিশুহত্যা, নারীহত্যা ও গণহত্যা সবার চোখের সামনে চলতে থাকবে?”
আকুতি জানিয়ে বলেন—
“মানুষের হৃদয়ের ওপর থেকে পর্দা সরুক। ফিলিস্তিনিরা মানুষের মতো বাঁচার সুযোগ পাক।”
শাকিব খান: “গাজা নির্যাতিত মানুষের প্রতীক”
ঢালিউড সুপারস্টার শাকিব খান গাজার প্রতি সংহতি জানিয়ে বলেন—
“গাজা শুধু একটি ভৌগোলিক নাম নয়; এটি যেন আজ নির্যাতিত মানুষের প্রতীক। দুঃখজনক হলেও বাস্তবতা হচ্ছে— সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করা ছাড়া আর কিছু করতে না পারা। তাদের পাশে আছি— ভালোবাসা, সংহতি আর শান্তির প্রত্যাশায়।”
সিয়াম আহমেদ: “আমরা পারিনি, আমরা পারলাম না”
এর আগে অভিনেতা সিয়াম আহমেদ নিজের 'ফ্রি প্যালেস্টাইন' স্যুটের একটি ছবি শেয়ার করে লেখেন—
“আমি যখন এই পোস্ট লিখছি, ততক্ষণে গাজার অস্তিত্ব কী মুছে গেছে? আমরা কি পারলাম না এই শহরটাকে, এই দেশটাকে বাঁচাতে? ফিলিস্তিনের এই ধ্বংসাবশেষের দায় কি আমরা কেউ এড়াতে পারব?”

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
