পাকিস্তান সুপার লিগ (পিএসএল) আজ থেকে শুরু হচ্ছে। উদ্বোধনী দিনে মাঠে নামবে লাহোর কালান্দার্স ও ইসলামাবাদ ইউনাইটেড। এই ম্যাচ ঘিরে বাংলাদেশি তরুণ লেগ স্পিনার রিশাদ হোসেনকে নিয়ে উত্তেজনার পারদ চড়ছে। লাহোর কালান্দার্সের একমাত্র লেগ স্পিনার হিসেবে স্কোয়াডে থাকা রিশাদকে ঘিরে তৈরি হয়েছে জোর জল্পনা—আজকের একাদশে কি জায়গা পাবেন তিনি?
লাহোরের পক্ষ থেকে এখনো চূড়ান্ত একাদশ ঘোষণা করা হয়নি, এমনকি কোনো আভাসও মেলেনি। তবে ক্রিকেট বিশ্লেষকরা মনে করছেন, রিশাদের সাম্প্রতিক ফর্ম, প্রস্তুতি ও দলের কম্বিনেশন মিলিয়ে আজ তার খেলার সম্ভাবনা প্রবল। দলের আর দুই স্পিনার—অভিজ্ঞ আসিফ আফ্রিদি ও তরুণ মুমিন কমর—দুজনই বাঁহাতি। তাই ভিন্ন বৈচিত্র্য আনতে লেগ স্পিনার রিশাদকেই বেছে নিতে পারে শাহিন শাহ আফ্রিদির নেতৃত্বাধীন দল।
লাহোর কালান্দার্সের কোচ রাসেল ডমিঙ্গো, যিনি বাংলাদেশ দলের সাবেক প্রধান কোচ, তিনিও রিশাদের সামর্থ্য সম্পর্কে ভালোভাবেই জানেন। গত কয়েকদিনের অনুশীলনে রিশাদের পারফরম্যান্স ও দলের পক্ষ থেকে তাকে ঘিরে থাকা উন্মাদনা বলছে, তিনি দলের পরিকল্পনায় আছেন গুরুত্বপূর্ণভাবে।
ইসলামাবাদ ইউনাইটেডের বিপক্ষে আজম খান, সালমান আগা ও বেন দারউসদের মতো ব্যাটারদের বিপক্ষে রিশাদের লেগ স্পিন কার্যকর হতে পারে বলেও মনে করা হচ্ছে।
দেশ ছাড়ার আগে রিশাদ জানিয়েছিলেন, সুযোগ পেলে নিজের সেরাটাই দেবেন। এদিকে এবারের পিএসএলে রিশাদ ছাড়াও আরও দুজন বাংলাদেশি খেলোয়াড় আছেন—লিটন দাস ও নাহিদ রানা। তারাও নিজ নিজ দলে একাদশে জায়গা পাওয়ার জোরালো দাবিদার।
আজ রাত ৯টা ৩০ মিনিটে শুরু হওয়া ম্যাচে শাহিনদের একাদশে রিশাদ থাকছেন কি না, সেটাই এখন লাখ টাকার প্রশ্ন। তবে লাহোরের বর্তমান পরিকল্পনায় তিনি যে রয়েছেন, তা বলছে অনেক কিছুই।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
