ঢাকা, ১৫ জুন ২০২৬, সোমবার, ১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

রায়পুরে অতিরিক্ত খাজনায় অতিষ্ঠ ব্যবসায়ীরা, ভোক্তা পর্যায়ে বাড়ছে পণ্যের দাম

সারাদেশ | অনলাইন ডেস্ক

(১ বছর আগে) ১৮ এপ্রিল ২০২৫, শুক্রবার, ১:১৩ অপরাহ্ন

banglahour

লক্ষ্মীপুর, ১৮ এপ্রিল — লক্ষ্মীপুরের রায়পুর পৌরসভা ও আশপাশের ৩০টি হাটবাজারে ইজারাদাররা সরকার নির্ধারিত হারের চেয়ে কয়েকগুণ বেশি খাজনা আদায় করছেন বলে অভিযোগ পাওয়া গেছে। এতে শুধু ব্যবসায়ীরাই ক্ষতিগ্রস্ত হচ্ছেন না, এর প্রভাব পড়ছে ভোক্তা পর্যায়েও—দ্রব্যমূল্য বেড়ে যাচ্ছে আশঙ্কাজনকভাবে।

প্রকাশ্যে নেই খাজনার তালিকা

সরকারি নিয়ম অনুযায়ী, হাটবাজারে খাজনার নির্ধারিত হার প্রকাশ্যে টাঙানো বাধ্যতামূলক হলেও অধিকাংশ বাজারেই তা অনুপস্থিত। রায়পুরের নতুন বাজার, হায়দরগঞ্জ, মোল্লারহাট ও মীরগঞ্জ বাজারে সরেজমিনে দেখা যায়—কোথাও নেই খাজনার তালিকা।

ব্যবসায়ীরা জানান, তারা সুনির্দিষ্ট সরকারি হার জানেন না। ইজারাদারদের লোকজন যে পরিমাণ টাকা দাবি করেন, তাদের সে পরিমাণই দিতে হয়। কেউ জানতে চাইলে খারাপ ব্যবহার, এমনকি হুমকিও দেওয়া হয় বলে অভিযোগ।

অতিরিক্ত খাজনার ভয়াবহ চিত্র

ছাগলের উপর নির্ধারিত ১০% টোলের পরিবর্তে আদায় করা হয় ২০-৩০%

মাংসের দোকানে ১০ টাকার জায়গায় নেওয়া হয় ১০০ টাকা

পানের চটিতে ৬ টাকার স্থলে ৫০-৮০ টাকা

কাঁচামাল দোকানে ১০ টাকার স্থলে ৫০ টাকা

ছোট পিকআপ ও বড় ট্রাক থেকে নেওয়া হয় ৩০-১৫০ টাকা পর্যন্ত

পাইকারি ব্যবসাতেও নেওয়া হয় বড় অঙ্কের অঘোষিত খাজনা

ভুক্তভোগীদের ভাষ্যে ক্ষোভ

নতুন বাজারের কাঁচামাল ব্যবসায়ী রুবেল বলেন, "তিন-চার হাত জায়গায় চট বিছালেই ১২০ টাকা দিতে হয়, কখনও কখনও ২০০ টাকাও লাগে। না দিলে বসতেই দেওয়া হয় না।"

অন্য ব্যবসায়ী শরিফ হোসেন জানান, “সরকারি হার জানতে চাইলে ইজারাদারের লোকেরা খারাপ ব্যবহার করেন।”

নাম প্রকাশে অনিচ্ছুক ব্যবসায়ীরা বলেন, বাজার ইজারার অনেকটাই চলে স্থানীয় রাজনৈতিক নেতাকর্মীদের নিয়ন্ত্রণে। তারা জোর করে খাজনা আদায় করেন, প্রতিবাদ করলে মারধর বা ব্যবসা বন্ধের হুমকি দেন।

প্রশাসনের অবস্থান

রায়পুর নতুন বাজারের ইজারাদার আব্দুল মালেক দাবি করেন, “কিছু ক্ষেত্রে আমরা কম খাজনা নিই, কিছু ক্ষেত্রে বেশি। তবে ব্যবসায়ীরা অনেক সময় বাড়িয়ে বলেন।”

তবে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক ইমরান হোসেন বলেছেন, “ব্যবসায়ী ও ইজারাদারদের নিয়ে দ্রুত সভা ডাকা হবে। নতুন করে নির্ধারিত হারে খাজনা নির্ধারণ করা হবে এবং খাজনার তালিকা প্রকাশ্যে স্থাপন বাধ্যতামূলক করা হবে।”

স্থানীয়দের অভিযোগ, অতিরিক্ত খাজনার এই প্রভাব পড়ছে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দামেও। প্রশাসনের দ্রুত হস্তক্ষেপের দাবি জানাচ্ছেন ব্যবসায়ী ও ভোক্তা—দু’পক্ষই।

সারাদেশ থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯