রেফারিদের বিরুদ্ধে প্রচারণা, সংবাদ সম্মেলন বয়কট, রিয়ালের অনুশীলনে অনুপস্থিতি, ক্লাব ডিনার এড়িয়ে যাওয়া—সব মিলিয়ে কোপা দেল রে’র ফাইনাল ঘিরে তৈরি হয়েছিল টানটান নাটকীয়তা। রিয়াল মাদ্রিদ কি ম্যাচ খেলবে না? এমন গুঞ্জনও ছড়িয়ে পড়ে। তবে শেষমেশ সব শঙ্কা কাটিয়ে আজ রাত ২টায় বার্সেলোনার বিপক্ষে সেভিয়ায় মাঠে নামছে কার্লো আনচেলত্তির শিষ্যরা।
রেফারি বিতর্কের সূচনা হয় যখন জানা যায়, ফাইনালে দায়িত্ব পাচ্ছেন রিকার্দো দে বুর্গোস বেনগোচিয়া (মাঠে) ও পাবলো গঞ্জালেস (ভিএআর)। রিয়াল মনে করে, অতীতে এই দুই রেফারির সিদ্ধান্ত তাদের বিপক্ষে গেছে। রেফারিদের এক সংবাদ সম্মেলনে অভিযোগ তোলা হয়—রিয়ালের নিজস্ব চ্যানেল আরএমটিভি তাদের বিরুদ্ধে ‘প্রচারণা’ চালাচ্ছে, এতে তাদের পরিবারও ক্ষতিগ্রস্ত হচ্ছে।
এরপর রিয়াল আনুষ্ঠানিকভাবে রেফারি পরিবর্তনের দাবি জানায়, কিন্তু স্প্যানিশ ফুটবল ফেডারেশনের সভাপতি জানিয়ে দেন, সিদ্ধান্ত নেবে টেকনিক্যাল কমিটি। উত্তেজনার একপর্যায়ে রিয়াল অনুশীলন ও সংবাদ সম্মেলন বয়কট করে, এমনকি সভাপতি ফ্লোরেন্তিনো পেরেজ ক্লাব ডিনারেও যাননি। এতে করে ম্যাচ বয়কটের গুঞ্জন আরও জোরালো হয়।
তবে অবশেষে রিয়াল বিবৃতি দিয়ে জানায়, তারা মাঠে নামবে এবং ম্যাচ বয়কটের খবর ভিত্তিহীন।
রাতের এল ক্লাসিকো তাই শুধু আরেকটা ম্যাচ নয়—এটা রিয়ালের জন্য মর্যাদা রক্ষার লড়াই, আর বার্সার জন্য মৌসুমে শ্রেষ্ঠত্ব প্রমাণের সুযোগ। ক্রীড়ামোদীদের জন্য অপেক্ষা করছে উত্তেজনাপূর্ণ এক রাত।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
