কুমিল্লায় যৌথবাহিনীর অভিযানে কিশোর গ্যাংয়ের ৯ সদস্য গ্রেফতার হয়েছে। শনিবার গভীর রাতে সেনাবাহিনী ও র্যাবের সমন্বয়ে পরিচালিত বিশেষ অভিযানে নগরীর বিভিন্ন এলাকা থেকে তাদের আটক করা হয়। অভিযানে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র, গুলি, মাদক ও অবৈধ সামগ্রী উদ্ধার এবং গ্যাংয়ের আস্তানা গুড়িয়ে দেওয়া হয়।
প্রেস বিজ্ঞপ্তিতে যৌথবাহিনী জানায়, সদর দক্ষিণ থানার দুর্গাপুর এলাকা থেকে অস্ত্র সরবরাহকারী মো. রুবেল (৩৫) কে প্রথমে আটক করা হয়। রুবেল কুমিল্লার কিশোর গ্যাং সদস্যদের দেশীয় অস্ত্র সরবরাহ করতেন। পরে রেসকোর্স এলাকায় অভিযান চালিয়ে আকিব হোসেন (২৯), সাজ্জাদ হোসেন (৪৭) ও শাহাদাত হোসেন (২৮) কে আটক করা হয়। তাদের কাছ থেকে ৯ এমএম পিস্তল, চার রাউন্ড গুলি, একটি রিভলভার, আট রাউন্ড রিভলভার অ্যামুনিশন, ইয়াবা, বিদেশি মদ, স্বর্ণের চেন ও ল্যাপটপ উদ্ধার করা হয়।
এছাড়া আটক হওয়াদের দেওয়া তথ্যের ভিত্তিতে নগরীর বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে আরও পাঁচজন—সাইফুল ইসলাম (১৯), ইমরান হোসেন রতন (১৯), মুজাহিদ (২১), রাফিউল আলম শফি (২০) এবং সন্দেহভাজন হুমায়ূন কবির (৪৫) কে আটক করা হয়।
সবাইকে অস্ত্র ও মাদকসহ কোতোয়ালি মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। থানার ওসি মহিনুল ইসলাম জানান, আটককৃতদের বিরুদ্ধে অস্ত্র ও মাদক আইনে একাধিক মামলা দায়ের করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
সংক্ষেপে:
কুমিল্লায় যৌথবাহিনীর অভিযানে কিশোর গ্যাংয়ের ৯ সদস্য গ্রেফতার, অস্ত্র ও মাদক উদ্ধার, গ্যাংয়ের আস্তানা ধ্বংস।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
