রাজবাড়ী, ৯ মে ২০২৫ — রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া বাজারে শুক্রবার সকালে পদ্মা নদী থেকে ধরা একটি বিশাল আকৃতির ইলিশ বিক্রি হয়েছে সাড়ে আট হাজার টাকায়। প্রায় দুই কেজি ওজনের এ ইলিশটি স্থানীয়দের মাঝে ব্যাপক আগ্রহ ও চাঞ্চল্যের সৃষ্টি করে।
স্থানীয় জেলে ইসমাইল হালদারের জালে মাছটি ধরা পড়ে ফরিদপুরের কবিরপুর চরে, শুক্রবার ভোরে। পরে ইলিশটি বিক্রির জন্য দৌলতদিয়ার হালিম সরদারের আড়তে আনা হয় এবং সেখানে নিলামে তোলা হলে মৎস্য ব্যবসায়ী শাহজাহান শেখ সর্বোচ্চ দরদাতা হিসেবে মাছটি কিনে নেন।
শাহজাহান শেখ জানান, মাছটি তিনি সাড়ে আট হাজার টাকায় এক প্রবাসীর কাছে বিক্রি করেছেন। তিনি আরও বলেন, “পদ্মায় মাঝেমধ্যে রুই, কাতলা, পাঙাশ পাওয়া গেলেও এত বড় ইলিশ পাওয়া বিরল। এ বছর এক থেকে দেড় কেজি ওজনের ইলিশ পাওয়া গেছে, তবে প্রায় দুই কেজি ওজনের এটাই প্রথম।”
স্থানীয় মৎস্যজীবীরা জানান, পদ্মায় এখন আর আগের মতো ইলিশ মেলে না। এ ধরনের বড় ইলিশের দেখা পাওয়া এখন বেশ দুর্লভ। মাছটি নিয়ে বাজারে উৎসুক জনতার ভিড় লক্ষ্য করা গেছে।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
