কুষ্টিয়ার কুমারখালী উপজেলার এক যুবক অনলাইন জুয়ায় সর্বস্ব হারিয়ে সবার সামনে দুধ দিয়ে গোসল করে ভবিষ্যতে জুয়া না খেলার শপথ নিয়েছেন। এই ব্যতিক্রমী ঘটনার ভিডিও ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে।
ঘটনাটি ঘটেছে শুক্রবার (৯ মে) সন্ধ্যায় কুমারখালীর পান্টি ইউনিয়নের পান্টি বাজারে। ওই যুবকের নাম সাগর হোসেন। একসময় তিনি মোটরসাইকেল বিক্রয়ের ব্যবসা করতেন। কিন্তু অনলাইন ক্যাসিনোর ফাঁদে পড়ে হারিয়েছেন তার সব সম্পদ, এমনকি বসতভিটাও।
ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, খালি গায়ে প্যান্ট পরিহিত সাগর হোসেনের শরীরে কয়েকজন দুধ ঢালছেন। এ সময় তিনি বলেন, ‘ভবিষ্যতে আর জুয়া খেলব না। আমাকে দেখে যেন আর কেউ বিপথে না যায়।’
সাগর জানান, ‘অনেকদিন ধরে আমি অনলাইন জুয়ায় আসক্ত ছিলাম। বিভিন্ন ক্যাসিনোতে আমার প্রায় ৪৫ লাখ টাকা চলে গেছে। আমার মোটরসাইকেলের শোরুম ছিল, সেখান থেকে ২০ লাখ টাকা উঠিয়েছি। এরপর বসতবাড়ি বিক্রি করে নিই আরও ২৫ লাখ টাকা। সব মিলিয়ে ৪৫ লাখ টাকা হেরে নিঃস্ব হয়ে গেছি।’
তিনি আরও বলেন, ‘আজ থেকে আমি প্রতিজ্ঞা করছি, এই জীবন ধ্বংসকারী অনলাইন ক্যাসিনো, তাশ, লুডু—আর কোনো ধরনের জুয়ায় অংশ নেব না। আমি চাই, আমার মতো কেউ যেন এই ভুল পথে না যায়।’
স্থানীয়দের অনেকে বলছেন, এ ধরনের প্রকাশ্য অনুশোচনার ঘটনা বিরল হলেও এটি সমাজে সচেতনতা তৈরিতে সহায়ক হতে পারে।
উল্লেখ্য, দেশে অনলাইন জুয়া ও ক্যাসিনোর বিস্তার এবং তা থেকে সামাজিক বিপর্যয় নিয়ে সম্প্রতি ব্যাপক আলোচনা চলছে। সাগর হোসেনের এই শপথ অনেকে ইতিবাচকভাবে দেখলেও, এটি বর্তমান সমাজে অনলাইন আসক্তির ভয়াবহতাও তুলে ধরেছে।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
