মাত্র ১৭ বছর বয়সেই বার্সেলোনার অন্যতম গুরুত্বপূর্ণ খেলোয়াড়ে পরিণত হওয়া লামিন ইয়ামাল ক্লাবটির সঙ্গে নতুন দীর্ঘমেয়াদি চুক্তিতে স্বাক্ষর করেছেন। ইউরোপীয় গণমাধ্যমের খবর অনুযায়ী, ২০৩১ সাল পর্যন্ত কাতালান ক্লাবটিতে থাকবেন এই তরুণ উইঙ্গার।
চুক্তি অনুযায়ী, ইয়ামালের সাপ্তাহিক বেতন দাঁড়াচ্ছে ৩ লাখ ২৫ হাজার পাউন্ড, যা বছরে প্রায় ১৫ মিলিয়ন ইউরো। পারফরম্যান্স বোনাসসহ এই অঙ্ক ২০ মিলিয়ন ইউরো পর্যন্ত পৌঁছাতে পারে। বেইন স্পোর্টস জানায়, এই চুক্তির ফলে ইয়ামাল এখন বার্সার শীর্ষ উপার্জনকারী খেলোয়াড়দের একজন।
তাকে ধরে রাখার জন্য চুক্তিতে রাখা হয়েছে ১ বিলিয়ন ইউরোর রিলিজ ক্লজ—যা প্রায় ১.১ বিলিয়ন মার্কিন ডলারের সমান। বিশ্লেষকদের মতে, এই ক্লজ থেকেই বোঝা যায়, ক্লাব কতটা গুরুত্ব দিচ্ছে ইয়ামালকে।
চলতি মৌসুমেই ইয়ামাল বার্সাকে লা লিগা এবং কোপা দেল রে জিততে বড় অবদান রাখেন। সব মিলিয়ে ১৮ গোল ও ২৫ অ্যাসিস্ট করে দলের আক্রমণে হয়ে ওঠেন মুখ্য ভরসা।
এই ধারাবাহিকতায় ক্লাব চায় ভবিষ্যতে তাকেই দলের নেতা হিসেবে গড়ে তুলতে। এমনকি, আনসু ফাতি ক্লাব ছাড়লে ইয়ামালকেই দেওয়া হতে পারে বিখ্যাত ১০ নম্বর জার্সি—যা একসময় পরতেন রোনালদিনহো ও লিওনেল মেসি।
চুক্তি সইয়ের পর ইয়ামাল বলেন, “এ তো সবে শুরু।” বার্সার ভক্তরাও এখন স্বপ্ন দেখছেন, তরুণ এই বিস্ময়বালক আগামী দিনে ক্লাবকে নতুন উচ্চতায় নিয়ে যাবেন।
এখন গ্রীষ্মকালীন ছুটিতে যাচ্ছে বার্সা স্কোয়াড। ২০২৫-২৬ মৌসুমে লা লিগা ও অন্যান্য শিরোপা ধরে রাখাই তাদের পরবর্তী বড় চ্যালেঞ্জ।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
