মিউনিখ, ৩১ মে — চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালের ঠিক আগমুহূর্তে মিউনিখে ক্রিকেট ও ফুটবল জগতের দুই শীর্ষ নেতার মিলন ঘটেছে। আইসিসি চেয়ারম্যান জয় শাহ সাক্ষাৎ করেছেন উয়েফা প্রেসিডেন্ট আলেকজান্ডার সেফেরিনের সঙ্গে। এ সময় তাঁরা দুই খেলার ভবিষ্যৎ প্রসারে আলোচনা করেন।
নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে এই সাক্ষাতের বিষয়টি জানিয়ে জয় শাহ লেখেন, “চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালের আগে মিউনিখে ক্রিকেটের প্রতিনিধিত্ব করতে পেরে গর্বিত। উয়েফা প্রেসিডেন্ট আলেকজান্ডার সেফেরিনের সঙ্গে গঠনমূলক আলোচনা হয়েছে।”
তিনি আরও বলেন, “যখন আইসিসি ক্রিকেটকে বিশ্বজুড়ে ছড়িয়ে দিতে কাজ করছে, তখন অন্যান্য ক্রীড়াক্ষেত্রের নেতাদের সঙ্গে সময় কাটানো অত্যন্ত গুরুত্বপূর্ণ।”
আইসিসির বিশ্বব্যাপী ক্রিকেট বিস্তারের অংশ হিসেবে ‘ক্রিকেট ফর গুড’ কর্মসূচি ইতিমধ্যে আলোচিত। এই উদ্যোগের মাধ্যমে শিশুদের জীবনমান উন্নয়ন, পুষ্টি, শিক্ষা ও সুরক্ষা সম্পর্কে সচেতনতা তৈরি করা হচ্ছে। জয় শাহের এই সৌজন্য সাক্ষাৎ মূলত এই কর্মসূচিকেই সামনে রেখে।
অন্যদিকে, অলিয়াঞ্জ অ্যারেনায় শনিবার রাতে অনুষ্ঠিত হতে যাচ্ছে চ্যাম্পিয়ন্স লিগের প্রতীক্ষিত ফাইনাল, যেখানে মুখোমুখি হবে ফরাসি ক্লাব পিএসজি এবং ইতালিয়ান ক্লাব ইন্টার মিলান।
২০২০ সালের পর আবার ফাইনালে উঠেছে পিএসজি, তবে সেবার তারা বায়ার্ন মিউনিখের কাছে ১-০ গোলে হেরে যায়। অন্যদিকে, ইন্টার মিলান তাদের ২০২৩ সালের ফাইনাল হারের স্মৃতি ভুলে এবার চতুর্থ ইউরোপিয়ান শিরোপা জয়ের লক্ষ্য নিয়েই মাঠে নামবে।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
