ঢাকা — ইংলিশ প্রিমিয়ার লিগে খেলা মিডফিল্ডার হামজা চৌধুরী অবশেষে ফিরেছেন ঢাকায়। বাংলাদেশের জার্সিতে আন্তর্জাতিক অভিষেক ইতোমধ্যে হয়ে গেলেও, দেশের মাটিতে এখনও মাঠে নামা হয়নি এই প্রবাসী তারকার। তবে ভুটান ও সিঙ্গাপুরের বিপক্ষে আসন্ন ম্যাচেই সে অপেক্ষার অবসান ঘটতে পারে।
আজ সোমবার (২ জুন) সকাল ১০টা ৫৫ মিনিটে হামজা অবতরণ করেন হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে। ফ্লাইট বিলম্ব হওয়ায় নির্ধারিত সময়ের চেয়ে খানিকটা দেরিতেই দেশে ফেরেন তিনি। সোজা বিমানবন্দর থেকে উঠেছেন জাতীয় দলের টিম হোটেলে।
গত মার্চে ভারতের শিলংয়ে এশিয়ান কাপ বাছাইয়ের তৃতীয় রাউন্ডে ভারতের বিপক্ষে অভিষেক ম্যাচেই নজর কাড়েন হামজা। এরপর আবারও জাতীয় দলের সঙ্গে যোগ দিয়েছেন। এবারই হতে পারে বাংলাদেশের ঘরের মাঠে তার প্রথম ম্যাচ।
এদিকে হামজার পাশাপাশি আরও তিনজন প্রবাসী ফুটবলার—ফাহমেদুল ইসলাম, সামিত সোম এবং কিউবা মিচেল—দলকে শক্তিশালী করতে যুক্ত হচ্ছেন। কিউবা মিচেল ইতোমধ্যে বাংলাদেশি পাসপোর্টও পেয়ে গেছেন।
বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) ২৬ সদস্যের প্রাথমিক দল ঘোষণা করেছে। দলটি ৪ জুন ঢাকায় ভুটানের বিপক্ষে একটি প্রীতি ম্যাচ খেলবে। এরপর ১০ জুন ‘সি’ গ্রুপের গুরুত্বপূর্ণ ম্যাচে সিঙ্গাপুরের মুখোমুখি হবে লাল-সবুজরা। এশিয়ান কাপ বাছাইয়ের গ্রুপে চার দলেরই পয়েন্ট সমান ১ করে, ফলে দুটি ম্যাচই হয়ে উঠেছে অত্যন্ত গুরুত্বপূর্ণ।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
