ঢাকা, ২৮ নভেম্বর ২০২৬, শনিবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

ভারত-পাকিস্তান উত্তেজনায় এশিয়া কাপ অনিশ্চয়তায়

খেলা | অনলাইন ডেস্ক

(১ বছর আগে) ৪ জুন ২০২৫, বুধবার, ১২:৩৪ অপরাহ্ন

banglahour

চলতি বছরের এশিয়া কাপ ক্রিকেট টুর্নামেন্ট অনিশ্চয়তার মুখে পড়েছে ভারত ও পাকিস্তানের মধ্যকার রাজনৈতিক উত্তেজনার কারণে। দুই পারমাণবিক শক্তিধর দেশের সাম্প্রতিক সংঘাত পরিস্থিতিকে ঘোলাটে করে তুলেছে টুর্নামেন্টটির ভবিষ্যৎ।

সেপ্টেম্বরে টি-টোয়েন্টি ফরম্যাটে এশিয়া কাপ আয়োজনের কথা থাকলেও এখনও তা নিশ্চিত নয়। ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) জানিয়েছে, এশিয়া কাপ নিয়ে তারা এখনও কোনো আলোচনা করেনি। বিসিসিআইয়ের এক ঊর্ধ্বতন কর্মকর্তা রয়টার্সকে বলেন, ‘আমরা আইপিএল ও ইংল্যান্ড সফর নিয়েই ব্যস্ত ছিলাম। এশিয়া কাপ আপাতত আলোচনায় নেই।’

অন্যদিকে, পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)ও ভারতের মাটিতে খেলার বিষয়ে অনিশ্চয়তা বজায় রেখেছে। তারা জানিয়েছে, নির্ধারিত সময়ে এ সিদ্ধান্ত নেওয়া হবে। এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি) সভাপতি ও পিসিবি প্রধান মোহসিন নাকভিও এ বিষয়ে কোনো মন্তব্য করেননি।

এদিকে, এসিসি নারীদের ইমার্জিং এশিয়া কাপ স্থগিতের ঘোষণাও দিয়েছে। টুর্নামেন্টটি শ্রীলঙ্কায় অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও অতিবৃষ্টি ও চিকুনগুনিয়ার প্রাদুর্ভাবে তা স্থগিত করা হয়েছে।

বিশ্বকাপ ২০২৫ সালের জন্য ভারতের মাটিতে হলেও পাকিস্তান নারী দলের সব ম্যাচ শ্রীলঙ্কায় আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে আইসিসি, যা দুই দেশের টানাপড়েনের ইঙ্গিত বহন করে। এর আগে ভারত চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনাল ম্যাচসহ সব খেলাই পাকিস্তানের বাইরে, দুবাইয়ে খেলে।

২০১৩ সালের পর ভারত-পাকিস্তান দ্বিপাক্ষিক সিরিজ বন্ধ রয়েছে। তারা মুখোমুখি হয় কেবল বহুদলীয় টুর্নামেন্টে। ভারতের কোচ গৌতম গম্ভীরও গত মাসে মন্তব্য করেন, তিনি পাকিস্তানের সঙ্গে খেলতে চান না, এমনকি নিরপেক্ষ ভেন্যুতেও না—তবে বিসিসিআইয়ের সিদ্ধান্তই চূড়ান্ত বলে তিনি মত দেন।

এই প্রেক্ষাপটে এশিয়া কাপের ভবিষ্যৎ এখন পুরোপুরি রাজনৈতিক ও কূটনৈতিক সমঝোতার ওপর নির্ভর করছে।

খেলা থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭৭৮০০৪৭০০
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
বিশেষ প্রতিনিধিঃ তাহিরুল ইসলাম