দ্বিতীয়বার সুযোগ ছিল না—হারলেই বিদায়। তবু অদম্য পর্তুগাল পা রেখেছে উয়েফা নেশন্স লিগের ফাইনালে। অ্যালিয়াঞ্জ অ্যারেনায় স্বাগতিক জার্মানিকে ২-১ গোলে হারিয়ে জায়গা নিশ্চিত করেছে ক্রিশ্চিয়ানো রোনালদোর দল।
বুধবার রাতে হওয়া সেমিফাইনালে ম্যাচের শুরুতে প্রাধান্য ছিল জার্মানির। তবে আক্রমণ প্রতিআক্রমণে জমজমাট লড়াইয়ের প্রথমার্ধ শেষ হয় গোলশূন্যভাবে। দ্বিতীয়ার্ধে নাটকীয়তা চূড়ায় ওঠে।
৪৮ মিনিটে জোশুয়া কিমিখের পাসে ফ্লোরিয়ান উইটজ মাথা ছুঁইয়ে গোল করে এগিয়ে দেন জার্মানিকে। কিন্তু ৬৩ মিনিটে বদলি নামা ফ্রান্সিসকো কনসেইসা সমতা ফেরান। এরপর ৬৮ মিনিটে আসে সেই মুহূর্ত, যার জন্য পর্তুগিজ সমর্থকেরা অপেক্ষা করছিলেন। নুনো মেন্ডেসের পাস থেকে নিখুঁত ফিনিশিংয়ে জয়সূচক গোলটি করেন রোনালদো।
এই গোলের মাধ্যমে জার্মানির বিপক্ষে প্রথমবার জয় দেখলেন রোনালদো নিজেও। এর আগে পাঁচবার হারতে হয়েছিল তাকে। একইসঙ্গে তিনি হয়ে গেলেন জার্মানির বিপক্ষে আন্তর্জাতিক ম্যাচে গোল করা সবচেয়ে বয়স্ক খেলোয়াড়।
এই জয়ে ২০০০ সালের পর প্রথমবার জার্মানিকে হারাল পর্তুগাল, আর নেশন্স লিগে দ্বিতীয়বার উঠল ফাইনালে। শিরোপার লড়াইয়ে তাদের প্রতিপক্ষ হবে আজ রাতের আরেক সেমিফাইনালের জয়ী—ফ্রান্স অথবা স্পেন। ফাইনাল হবে ৯ জুন, একই ভেন্যু অ্যালিয়াঞ্জ অ্যারেনায়।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
