বিশ্বকাপে খেলার শেষ সুযোগটা ধরে রাখতে পারেনি চিলি। ২০১৪ সালের পর আর কোনো বিশ্বকাপে খেলেনি দলটি, এবারও সেই আশায় জল ঢেলে দিল বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। কোপা আমেরিকার পুরনো প্রতিপক্ষদের কাছে ১-০ গোলে হেরে ২০২৬ বিশ্বকাপের পথও বন্ধ হয়ে গেল আর্তুরো ভিদালদের জন্য।
ম্যাচের গুরুত্ব দুই দলের জন্য ছিল ভিন্ন। আর্জেন্টিনার বিশ্বকাপ খেলা নিশ্চিত থাকলেও স্কালোনি চেয়েছিলেন বেঞ্চের শক্তি যাচাই করতে। শুরু থেকেই ছিলেন না লিওনেল মেসি, তার জায়গায় ফরোয়ার্ড লাইনে ছিলেন হুলিয়ান আলভারেজ। আর তিনিই দলকে এনে দেন একমাত্র জয়সূচক গোলটি, থিয়াগো আলমাদার পাস থেকে।
ম্যাচের শুরুতে অবশ্য চিলি প্রথম সুযোগ পায়, তবে অ্যালেক্সিস সানচেজের শট ঠেকিয়ে দেন এমিলিয়ানো মার্তিনেজ। এরপর আর্জেন্টিনা ম্যাচের নিয়ন্ত্রণ নেয় পুরোপুরি—৬৬% বল দখল আর গোলমুখে ১০টি শট ছিল তাদের।
বিরতির পর মেসি নেমে কিছু সুযোগ সৃষ্টি করলেও গোল বাড়াতে পারেনি আর্জেন্টিনা। চিলিও শেষ দিকে কিছু সুযোগ পেয়েছিল, কিন্তু মার্তিনেজ আর আর্জেন্টাইন রক্ষণের সামনে থেমে যায় তাদের সব চেষ্টাই।
এই জয়ে ১৫ ম্যাচে ৩৪ পয়েন্ট নিয়ে শীর্ষেই থাকলো আর্জেন্টিনা। বিপরীতে চিলি ১০ পয়েন্ট নিয়ে পড়ে থাকলো দশম স্থানে, শেষ হয়ে গেল তাদের ২০২৬ বিশ্বকাপ খেলার সম্ভাবনা।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
