এএফসি এশিয়ান কাপ বাছাইয়ের ম্যাচে সিঙ্গাপুরের কাছে ২-১ ব্যবধানে হেরে গেছে বাংলাদেশ। হারের পর হতাশ বাংলাদেশ জাতীয় ফুটবল দলের কোচ হাভিয়ের কাবরেরা। তবে দলের দ্বিতীয়ার্ধের পারফরম্যান্সে কিছুটা স্বস্তিও পেয়েছেন তিনি।
ম্যাচ শেষে কাবরেরা বলেন, “এই ফল আমরা চাইনি। প্রথম ১৫-২০ মিনিটে কিছু ভুল করে ফেলেছে ছেলেরা। চাপে আর শক্তি হারিয়েই তা হয়েছে। তবে দ্বিতীয়ার্ধে দল দারুণ খেলেছে। সাহসী ফুটবল খেলেছে ছেলেরা, অনেক সুযোগ তৈরি করেছিলাম, কিন্তু কাজে লাগাতে পারিনি।”
দলের একমাত্র গোলদাতা রাকিবকে নিয়ে কাবরেরার মূল্যায়ন, “রাকিবের মতো দ্রুতগতির স্ট্রাইকার আমার দলে আর নেই। প্রতিটি ম্যাচেই সে প্রতিপক্ষের সঙ্গে লড়াই করে। আজ জায়গা পায়নি, তবে চেষ্টা করেছে। এই ম্যাচ ২-২-তেও শেষ হতে পারত।”
হামজার পারফরম্যান্স নিয়ে কোচ বলেন, “এই ম্যাচটা ভারতের ম্যাচের চেয়েও কঠিন ছিল হামজার জন্য। কারণ, সিঙ্গাপুর ডিফেন্সিভলি অনেক কম জায়গা দিয়েছে। হামজা চেষ্টা করেছে, তবে আক্রমণ করা খুব কঠিন ছিল।”
তিনি আরও বলেন, “মাঠে কিছু সময় মনে হয়েছে আমাদের পারফরম্যান্স যথেষ্ট না, আবার কিছু সময় মনে হয়েছে লড়াইয়ের সামর্থ্য ছিল। এটা ফুটবলে স্বাভাবিক, এমনটা হতেই পারে।”
অন্যদিকে, সিঙ্গাপুরের কোচ সুতোমু ওগুরা বলেন, “এটা ছিল কঠিন ম্যাচ। তবে আমার ছেলেরা ১০০ মিনিট এক রিদমে খেলেছে। তারা মিডফিল্ড আর ডিফেন্সে দারুণ কাজ করেছে। বাংলাদেশকে সমীহ করি, তারা ভালো দল।”
এ হারের ফলে বাছাইপর্বে বাংলাদেশের অবস্থান আরও জটিল হয়ে পড়ল। তবে কোচের মতে, দল এখনো আত্মবিশ্বাস ধরে রেখেছে এবং সামনে আরও ভালো করার সুযোগ রয়েছে।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
