দীর্ঘদিন ব্যাট হাতে ভুগছিলেন। ইনিংস বড় হচ্ছিল না, রানখরায় কেটেছে প্রায় দশটি মাস। ২০২৪ সালের আগস্টে সর্বশেষ ফিফটির দেখা পেয়েছিলেন মুশফিকুর রহিম। এরপর সময় যতই গড়িয়েছে, আত্মবিশ্বাস ততই ঝিমিয়ে পড়েছিল। তবে ফের তার ‘প্রিয় প্রতিপক্ষ’ শ্রীলঙ্কাকে সামনে পেয়ে যেন পুরোনো ছন্দে ফিরলেন অভিজ্ঞ এই ব্যাটার।
গল টেস্টের প্রথম দিনেই দুর্দান্ত ব্যাটিংয়ে খেললেন ফিফটি। টাইগাররা টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেওয়ার পর শুরুটা ছিল বিবর্ণ। মাত্র ৪৫ রানে ৩ উইকেট হারিয়ে চাপের মুখে পড়ে দল। এমন সংকটময় মুহূর্তে ব্যাট হাতে ভরসা হয়ে দাঁড়ান মুশফিকুর রহিম ও অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।
এই দুই ব্যাটারের ধৈর্য, অভিজ্ঞতা এবং দায়িত্বশীল ব্যাটিংয়ে চতুর্থ উইকেটে গড়ে ওঠে একটি মূল্যবান জুটি। প্রতিবেদন লেখা পর্যন্ত তারা গড়েছেন ১১৮ রানের অবিচ্ছিন্ন পার্টনারশিপ। শান্ত খেলছেন ৬১ রানে, আর মুশফিক ৯৩ বল মোকাবেলা করে অপরাজিত ৫৬ রানে। ইনিংসে এখন পর্যন্ত তিনি মেরেছেন চারটি চার, ছক্কা মারেননি একটিও।
এই ফিফটি শুধুই পরিসংখ্যান নয়, বরং মুশফিকের আত্মবিশ্বাস ফিরে পাওয়ার বার্তা। শ্রীলঙ্কার বিপক্ষে এর আগেই এসেছে তার ক্যারিয়ারের সেরা ইনিংস (২০০ রান)। আজকের ইনিংসটি এই দলের বিপক্ষে তার নবম ফিফটি।
টেস্ট চ্যাম্পিয়নশিপের নতুন চক্রের সূচনায় এই জুটিটি হয়ে উঠেছে বাংলাদেশের জন্য একটি বড় আশার আলো। আর মুশফিক যেন আবারও প্রমাণ করে দিলেন—বয়স কেবলই একটি সংখ্যা, প্রতিপক্ষ পরিচিত হলে তিনিও হয়ে উঠতে পারেন আগের মতোই ভয়ংকর।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
