অস্ট্রেলিয়ার জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট বিগ ব্যাশ লিগে (বিবিএল) আবারও সুযোগ পেলেন বাংলাদেশি লেগ স্পিনার রিশাদ হোসেন। গত আসরের চ্যাম্পিয়ন হোবার্ট হ্যারিকেন্স এবারও তাকে দলে রেখেছে। যদিও আগেরবার বিপিএলের সূচির সঙ্গে সাংঘর্ষিক হওয়ার কারণে খেলতে পারেননি তিনি।
বুধবার হোবার্ট হ্যারিকেন্স তাদের সামাজিক যোগাযোগমাধ্যমে রিশাদকে স্কোয়াডে রাখার বিষয়টি নিশ্চিত করে।
বিগ ব্যাশের চলমান ড্রাফটে রিশাদ ছাড়াও আরও ১০ জন বাংলাদেশি ক্রিকেটার আছেন, যাদের মধ্যে রয়েছেন মোস্তাফিজুর রহমান, মেহেদী হাসান মিরাজ, মেহেদী হাসান, তানজিম হাসান, তানজিদ হাসান, শামীম হোসেন, তাইজুল ইসলাম, হাসান মাহমুদ, সৌম্য সরকার এবং তাওহিদ হৃদয়। তবে এখনও পর্যন্ত এদের কাউকে দলে নেয়নি কোনো ফ্র্যাঞ্চাইজি।
ক্রিকেট অস্ট্রেলিয়া প্রকাশিত তালিকায় এবারের ড্রাফটে ৪৪০ জন পুরুষ এবং ১৪৫ জন নারী ক্রিকেটার আছেন, যাদের মধ্য থেকে আটটি দল গঠন করা হবে।
তবে রিশাদের হোবার্ট হ্যারিকেন্সের হয়ে খেলা নির্ভর করছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) অনাপত্তিপত্র (NOC) পাওয়ার ওপর। কারণ, বিগ ব্যাশের সময়সূচি বিপিএলের সঙ্গে সাংঘর্ষিক হতে পারে। এখনো দুটি টুর্নামেন্টের চূড়ান্ত সূচি প্রকাশ হয়নি।
রিশাদের বিদেশি লিগে নিয়মিত সুযোগ পাওয়া বাংলাদেশের লেগ স্পিন আক্রমণে নতুন সম্ভাবনার বার্তা দিচ্ছে বলেই মনে করছেন ক্রিকেট বিশ্লেষকেরা।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
