ব্রুনো হেনরিকের নায়কোচিত পারফরম্যান্সে দারুণ জয় ব্রাজিলিয়ানদের, গ্রুপ সেরা হওয়ার পথে
লিঙ্কন ফিনানশিয়াল ফিল্ড, ২১ জুন — ইউরোপিয়ান জায়ান্ট চেলসিকে ৩-১ গোলে হারিয়ে ক্লাব বিশ্বকাপে চমক দেখাল ব্রাজিলের ফ্লামেঙ্গো। দ্বিতীয়ার্ধে বদলি হিসেবে নেমে ম্যাচের মোড় ঘুরিয়ে দেন ব্রুনো হেনরিক—একটি গোল করার পাশাপাশি আরেকটি করিয়েও দেন।
ম্যাচের শুরুটা অবশ্য ভালো ছিল চেলসির। ১৩তম মিনিটে ফ্লামেঙ্গোর ডিফেন্ডার ওয়েসলির ভুলে বল পেয়ে গোল করেন পেদ্রো নেতো। এগিয়ে যায় ইংলিশ ক্লাবটি।
তবে দ্বিতীয়ার্ধেই চিত্র বদলে যায়। গর্জে ওঠেন প্রায় ৫৪ হাজার দর্শকের সমর্থনে খেলতে নামা ফ্লামেঙ্গোর ফুটবলাররা। ৫৬তম মিনিটে মাঠে নামেন ব্রুনো হেনরিক। মাত্র ছয় মিনিটের মাথায় গেরসনের ক্রসে প্লাতার হেড পাস থেকে সমতায় ফেরান হেনরিক।
এর তিন মিনিট পর কর্নার থেকে হেনরিকের হেডে বল ছুটে আসে দানিলোর পায়ে। জুভেন্টাসের সাবেক ডিফেন্ডার সুযোগ হাতছাড়া করেননি—২-১।
৬৮তম মিনিটে চেলসি আরও বিপাকে পড়ে। নিকোলাস জ্যাকসন বাজেভাবে ফাউল করে সরাসরি লাল কার্ড দেখেন। ১০ জনের দলে পরিণত হয় ব্লুজরা। এই সুযোগ কাজে লাগিয়ে শেষ মুহূর্তে ফ্লামেঙ্গোর হয়ে তৃতীয় গোলটি করেন বদলি ওয়ালেস ইয়ান।
এই জয়ে গ্রুপ ‘ডি’-তে টানা দুই ম্যাচে জয় পেয়ে শেষ ষোলো প্রায় নিশ্চিত করেছে ফ্লামেঙ্গো। অন্যদিকে চেলসির জন্য শেষ ম্যাচ হয়ে উঠেছে বাঁচা-মরার লড়াই। তাদের প্রতিপক্ষ তিউনিশিয়ার এস্পেরাঁস।
এর আগে পিএসজির বিপক্ষে বোটাফোগোর জয় এবং এবার ফ্লামেঙ্গোর সাফল্য প্রমাণ করছে, দক্ষিণ আমেরিকার ক্লাবগুলো এবার বিশ্বকাপে কতটা মরিয়া। এই জয়ে তাদের অপরাজিত থাকার রেকর্ড দাঁড়িয়েছে ৯ ম্যাচে। ইউরোপের দলগুলোর জন্য এটি নিঃসন্দেহে বড় সতর্কবার্তা।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
