ঢাকা, ৩১ জুলাই ২০২৬, শুক্রবার, ১৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

উন্নত রাষ্ট্র গঠনে তরুণ সমাজকে মাদকমুক্ত রাখার আহ্বান স্বরাষ্ট্র উপদেষ্টার তাহিরুল ইসলাম, বিশেষ প্রতিনিধি, ঢাকা

সারাদেশ | সাজেদা পারভীন, বিশেষ প্রতিনিধি, ঢাকা।

(১ বছর আগে) ২৬ জুন ২০২৫, বৃহস্পতিবার, ৭:১৬ অপরাহ্ন

banglahour

তরুণ সমাজকে মাদকমুক্ত রাখার গুরুত্ব তুলে ধরে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মোঃ জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, “উন্নত রাষ্ট্রে পরিণত হতে হলে যুব সমাজকে অবশ্যই মাদকমুক্ত রাখতে হবে।” তিনি বলেন, “যেকোন দেশের উন্নয়নের প্রধান চালিকাশক্তি কর্মক্ষম ও দক্ষ যুবশক্তি। প্রযুক্তিতে পারদর্শী এবং মূল্যবোধে গঠিত এই তরুণরাই পারে দেশকে সমৃদ্ধির শিখরে পৌঁছাতে।”

আজ বৃহস্পতিবার (২৬ জুন) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে “মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস ২০২৫” উপলক্ষ্যে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অধিদপ্তরের মহাপরিচালক মো. হাসান মারুফ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মোঃ খোদা বখস চৌধুরী ও সিনিয়র সচিব নাসিমুল গনি।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, “মাদক চোরাচালানে নারী, শিশু ও কিশোরদের ব্যবহার উদ্বেগজনক। তাদের অপরাধপ্রবণতা ও মাদকাসক্তির হার বাড়ছে, যা প্রতিরোধে একাধিক মন্ত্রণালয় সমন্বিতভাবে কাজ করছে।” তিনি আরও বলেন, “নতুন প্রজন্মের জন্য মারাত্মক হুমকি হিসেবে আবির্ভূত হয়েছে নতুন সিনথেটিক মাদক (NPS)। এসব মাদক নিয়ন্ত্রণে আইন সংশোধন ও কৌশলগত নজরদারি বাড়ানো হয়েছে।

তিনি জানান, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অস্ত্র ব্যবহার নীতিমালা ২০২৪ বাস্তবায়িত হয়েছে এবং কর্মকর্তাদের অস্ত্র প্রশিক্ষণ সম্পন্ন হয়েছে। ১,৪০০ কোটি টাকার প্রকল্পে সাত বিভাগীয় শহরে মাদকাসক্তি নিরাময় কেন্দ্র নির্মাণের কাজ একনেকে অনুমোদিত হয়েছে। ভবিষ্যতে মাদকাসক্তদের জন্য পৃথক কারাগার নির্মাণের পরিকল্পনাও সরকারের রয়েছে।

সভায় বক্তারা মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন। মোঃ খোদা বখস চৌধুরী বলেন, “মাদকের কুফল ভুক্তভোগীর পরিবারই সবচেয়ে ভালোভাবে বোঝে। সামাজিক প্রতিরোধ জোরদার করতে হবে।” সিনিয়র সচিব নাসিমুল গনি বলেন, “বাংলাদেশে মাদক উৎপাদিত না হলেও সীমান্তপথে পাচার হয়ে এসে যুব সমাজ ধ্বংস করছে। সীমান্তবর্তী এলাকায় আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা আরও বাড়াতে হবে।

আলোচনা সভায় ডকুমেন্টারি প্রদর্শন, স্যুভেনির ও ‘Annual Drug Report’ প্রকাশ এবং চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার বিতরণ করা হয়। অনুষ্ঠানের শুরুতে উপদেষ্টা বেলুন উড়িয়ে কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন এবং মাদকবিরোধী স্টল পরিদর্শন করেন।

সারাদেশ থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯