পটুয়াখালীর পায়রাকুঞ্জ এলাকায় বিশেষ অভিযানে ২১৫৪ পিস ইয়াবা ও একটি দেশীয় অস্ত্রসহ শাহিন হাওলাদার (৩৪) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।
বৃহস্পতিবার সকালে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার হারুন-অর-রশীদ বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার (২৫ জুন) মধ্যরাতে কোস্ট গার্ড স্টেশন পটুয়াখালী একটি বিশেষ অভিযান পরিচালনা করে পায়রাকুঞ্জ ব্রিজ প্রজেক্ট সংলগ্ন এলাকায়। অভিযানের সময় শাহিন হাওলাদারের গতিবিধি সন্দেহজনক মনে হলে তাকে তল্লাশি করে প্রায় ৭৭ হাজার টাকা মূল্যের ১৫৪ পিস ইয়াবাসহ আটক করা হয়।
পরবর্তীতে প্রাথমিক জিজ্ঞাসাবাদে শাহিন হাওলাদার তার বাড়িতে আরও ইয়াবা মজুদের কথা স্বীকার করলে রাত ৩টায় তার বাড়িতে অভিযান চালানো হয়। সেখান থেকে প্রায় ১০ লক্ষ টাকা মূল্যের ২০০০ পিস ইয়াবা এবং একটি দেশীয় অস্ত্র জব্দ করা হয়। উদ্ধারকৃত মোট ২১৫৪ পিস ইয়াবার বাজারমূল্য প্রায় ১১ লক্ষ টাকা।
আটককৃত ব্যক্তি এবং জব্দকৃত আলামতকে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য পটুয়াখালী সদর থানায় হস্তান্তর করা হয়েছে।
কোস্ট গার্ড জানায়, দেশের উপকূলীয় এবং নদী তীরবর্তী এলাকায় মাদকদ্রব্য পাচার রোধ ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ২৪ ঘণ্টা টহল জারি রয়েছে। ভবিষ্যতেও এমন অভিযান অব্যাহত থাকবে বলে জানানো হয়।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
