সিলেটের জৈন্তাপুর সীমান্ত দিয়ে ভারতের সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) কর্তৃক পুশইন করা ১৪ রোহিঙ্গা ও ১৭ বাংলাদেশি নাগরিকসহ মোট ৩১ জনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
বিজিবি সূত্র জানায়, জকিগঞ্জ ব্যাটালিয়নের আওতাধীন লালাখাল সীমান্তের বাগছড়া এলাকা দিয়ে ভারতের দিক থেকে পুশইন করা হয় ১৪ রোহিঙ্গাকে। আটক রোহিঙ্গাদের মধ্যে ৪ জন পুরুষ, ৪ নারী ও ৬ শিশু রয়েছে। তারা মূলত কক্সবাজারের শরনার্থী ক্যাম্প থেকে কয়েক বছর আগে ভারতে পালিয়ে গিয়েছিল।
একইদিন ভোরে উপজেলার মিনাটিলা সীমান্ত দিয়ে আরও ১৭ জন বাংলাদেশিকে বাংলাদেশে ফেরত পাঠায় বিএসএফ। আটককৃতদের মধ্যে ৫ জন পুরুষ, ৫ নারী ও ৭ শিশু রয়েছে। তারা সবাই কুড়িগ্রাম জেলার বাসিন্দা।
বিজিবি জানায়, আটককৃতদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, তারা দীর্ঘদিন ধরে ভারতে অনুপ্রবেশ করে বিভিন্ন এলাকায় অবস্থান করছিলেন। বিএসএফ তাদের সেখান থেকে ধরে সীমান্তে এনে বাংলাদেশে পুশইন করে।
আটককৃতদের বিজিবি হেফাজতে এনে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে আইনগত প্রক্রিয়ায় সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। এ বিষয়ে ঊর্ধ্বতন পর্যায়ে কূটনৈতিক পর্যায়ে আলোচনা অব্যাহত রয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
বিজিবি সূত্র আরও জানায়, সীমান্ত এলাকায় নজরদারি ও টহল আরও জোরদার করা হয়েছে যাতে ভবিষ্যতে এ ধরনের পুশইন রোধ করা যায়।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
