মোংলা বন্দরের পশুর নদীতে ফ্লাইঅ্যাশ (সিমেন্ট তৈরির কাঁচামাল) বোঝাই একটি কার্গো জাহাজ ডুবে গেছে। শুক্রবার (২৮ জুন) ভোর ৬টার দিকে মোংলা নদী ও পশুর নদীর ত্রিমোহনায় এ দুর্ঘটনা ঘটে।
ডুবে যাওয়া কার্গো জাহাজটির নাম এমভি মিজান-১। জাহাজটির ড্রাইভার মোঃ শওকত শেখ জানান, তাদের জাহাজটি পশুর চ্যানেলে নোঙর করা অবস্থায় ছিল। এ সময় অপর একটি লাইটার কার্গো জাহাজ এমভি কে আলম গুলশান-২ এসে ধাক্কা দিলে মিজান-১ জাহাজটি ডুবে যায়।
ডুবে যাওয়া জাহাজটিতে ৯১৪ মেট্রিক টন ফ্লাইঅ্যাশ বোঝাই ছিল। এটি ভারতের কলকাতার ভেন্ডেল এলাকা থেকে নেওয়া হয়েছিল এবং ঢাকার নারায়ণগঞ্জে পৌঁছানোর পথে মোংলায় যাত্রা বিরতিতে অবস্থান করছিল।
জাহাজের ড্রাইভার জানান, ধাক্কা লাগার পর জাহাজটির তলা ও পাশ ফেটে গিয়ে তা দ্রুত ডুবে যায়। তবে জাহাজে থাকা ১০ জন স্টাফ সবাই সাঁতরে তীরে উঠে নিরাপদে রক্ষা পেয়েছেন।
ঘটনার বিষয়ে মোংলা বন্দর কর্তৃপক্ষের উপ-পরিচালক (বোর্ড ও জনসংযোগ বিভাগ) মোঃ মাকরুজ্জামান বলেন, “কার্গো জাহাজ এমভি মিজান-১, এমভি কে আলম গুলশান-২ এর ধাক্কায় পশুর নদীর চরে ডুবে গেছে। তবে বন্দর চ্যানেল এখনো পুরোপুরি সুরক্ষিত রয়েছে এবং নৌযান চলাচলে কোনো বিঘ্ন ঘটছে না।
উল্লেখ্য, পশুর চ্যানেল দেশের দ্বিতীয় বৃহত্তম সমুদ্রবন্দরের মূল প্রবেশ পথ। এখানে কোনো দুর্ঘটনা বড় ধরনের বিপর্যয়ের আশঙ্কা তৈরি করলেও, তাৎক্ষণিক ব্যবস্থাপনায় মোংলা বন্দরের কার্যক্রম স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছেন বন্দর কর্তৃপক্ষ।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
