বাগেরহাটের মোরেলগঞ্জে নিখোঁজের তিন দিন পর উদ্ধার হলো জাকির খান (৫০) নামে এক ভ্যান শ্রমিকের ভাসমান লাশ। শুক্রবার (২৭ জুন) সকাল ১০টার দিকে মোরেলগঞ্জ পৌর সদরের পানগুছি নদী সংলগ্ন বারইখালী খাল থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ।
জাকির খান পিরোজপুর জেলার জিয়ানগর উপজেলার কলারোন গ্রামের বাসিন্দা নুর মোহাম্মদ খানের ছেলে। তিনি পরিবারসহ দীর্ঘদিন ধরে মোরেলগঞ্জ কেজি স্কুল রোড এলাকায় ভাড়া বাসায় বসবাস করছিলেন। তার স্ত্রী নাসিমা বেগম ও তিন কন্যা সন্তান রয়েছে।
নিহতের স্ত্রী নাসিমা বেগম জানান, তার স্বামী মানসিকভাবে সুস্থ ছিলেন না এবং প্রায়ই পরিবারিক কলহে জড়িয়ে তাকে মারধর করে বাড়ি থেকে বেরিয়ে যেতেন। সর্বশেষ গত বুধবার (২৫ জুন) বাসা থেকে বের হয়ে নিখোঁজ হন তিনি। এরপর আর ফেরেননি। আজ সকালে তার ভাসমান লাশ খাল থেকে উদ্ধার করে পুলিশ।
মোরেলগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মতলুবর রহমান বলেন, “স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে পুলিশ বারইখালী খাল থেকে লাশটি উদ্ধার করে। পরে তার স্ত্রী লাশ শনাক্ত করেন। মৃত্যুর কারণ জানতে তদন্ত চলছে এবং প্রাথমিকভাবে এটি অস্বাভাবিক মৃত্যু বলেই ধারণা করা হচ্ছে।
পুলিশ জানিয়েছে, আইনগত প্রক্রিয়া শেষে লাশ ময়নাতদন্তের জন্য বাগেরহাট সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
