পঞ্চগড় সদর উপজেলার সাতমেড়া ইউনিয়নের নুনিয়া পাড়ার ষাটোর্ধ্ব বৃদ্ধা সুফিয়া খাতুনের জীবনে এক নতুন আশার আলো জ্বালালো বাংলাদেশ জামায়াতে ইসলামী। ভাঙা ঝুপড়িতে মেয়ে ও তিন নাতি-নাতনিকে নিয়ে মানবেতর জীবনযাপন করছিলেন তিনি। সেই কষ্টের দিন এবার শেষ হতে চলেছে—কারণ জামায়াতের উদ্যোগে সুফিয়া খাতুন পাচ্ছেন নতুন একটি দুই কক্ষ বিশিষ্ট টিনশেড ঘর।
জানা গেছে, অসচ্ছল পরিবারটি বর্ষাকালে প্লাস্টিক ও বাঁশের বেড়ার ছাউনির নিচে কষ্টে দিন পার করছিল। এমন পরিস্থিতিতে বৃদ্ধা সুফিয়ার দুর্দশার কথা জানতে পেরে পঞ্চগড় জেলা জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দ তাদের নিজস্ব অর্থায়নে এই ঘর নির্মাণের উদ্যোগ নেন।
সম্প্রতি ঘরের নির্মাণ কাজ পরিদর্শন করে আনুষ্ঠানিকভাবে তা হস্তান্তর করেন জামায়াতে ইসলামীর পঞ্চগড় জেলা আমির মাওলানা অধ্যাপক ইকবাল হোসাইন। এসময় জেলা, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
ঘর পেয়ে আবেগে আপ্লুত সুফিয়া খাতুন বলেন,
“বয়সের ভারে কাজ করতে পারি না, মেয়ের সামান্য আয়ে কোনোভাবে দিন চলে। আগের ঘরে বৃষ্টির সময় বিছানায় পানি পড়ত, ঠিকমতো ঘুমাতে পারতাম না। এখন আল্লাহর রহমতে শান্তিতে ঘুমাতে পারবো। যারা আমাকে ঘর দিয়েছেন তাদের জন্য দোয়া করি, তারা যেন এমন আরও অসহায় মানুষের পাশে দাঁড়ায়।
জামায়াত নেতা মাওলানা ইকবাল হোসাইন বলেন,
“একজন অসহায় বৃদ্ধার কষ্টের কথা জানতে পেরে আমরা তাকে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছি। সংগঠনের পক্ষ থেকে একটি টিনশেড ঘর উপহার দিয়েছি যাতে তিনি ও তাঁর পরিবার স্বস্তিতে থাকতে পারেন। এই কাজের মাধ্যমে সমাজে মানবিক মূল্যবোধ ও দায়িত্ববোধ জাগ্রত হবে বলে আমরা বিশ্বাস করি।
স্থানীয়দের প্রশংসায় ভাসছে এ উদ্যোগ। তাদের মতে, রাজনৈতিক দলের মানবিক মুখগুলো সমাজে আরও বেশি দেখা গেলে অসংখ্য অসহায় মানুষ নতুন করে বাঁচার স্বপ্ন দেখতে পারবে।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
