দিনাজপুরের হিলি স্থলবন্দরের রাস্তাঘাট দীর্ঘদিন সংস্কার না করায় বর্তমানে চরম বেহাল দশায় পরিণত হয়েছে। খানাখন্দে ভরা রাস্তাগুলোর কারণে যানবাহন ও পথচারীদের জন্য ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে চলাচল, বাড়ছে ভোগান্তি।
স্থানীয়রা জানান, বন্দর এলাকার গুরুত্বপূর্ণ রাস্তাগুলোর কার্পেটিং কয়েক বছর আগেই উঠে গেছে। এরপর থেকে প্রতিবছর বর্ষার আগেই সাময়িক ইট-বালু ফেলে জোড়াতালি দিয়ে চলাচলের উপযোগী করা হলেও, তা টেকে না।
পথচারী গোলাম মোর্শেদ জানান, “টেম্পুস্ট্যান্ড থেকে জিরো পয়েন্ট, ধরন্দা, রাজধানী মোড়, চারমাথা ও হাসপাতাল পর্যন্ত রাস্তার অবস্থা ভয়াবহ। ভারী পণ্যবাহী ট্রাক চলাচল করায় আরও বিপজ্জনক হয়ে পড়েছে।
ট্রাকচালক আব্দুর রহমান বলেন,বর্ষায় রাস্তায় পানি জমে ছোট-বড় গর্তগুলো আরও বিপজ্জনক হয়ে ওঠে। এতে আমদানি-রপ্তানির পণ্যবাহী ট্রাকগুলো আটকে পড়ে, নষ্ট হয় যন্ত্রাংশ। জীবন ঝুঁকি নিয়ে চলাচল করতে হয়।
হিলি নাগরিক কমিটির সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম বলেন,সরকার প্রতিবছর হিলি বন্দর থেকে কোটি কোটি টাকা রাজস্ব আয় করলেও রাস্তাগুলোর সংস্কারে কোনো দৃশ্যমান উদ্যোগ নেই। ফলে ব্যবসায়ী, চালক ও পথচারীদের দুর্ভোগ চরমে পৌঁছেছে।
এ বিষয়ে হাকিমপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অমিত রায় বলেন,হিলি থেকে হিচমি পর্যন্ত সড়কের হিলি অংশে কাজ জমি অধিগ্রহণজনিত কারণে আটকে আছে। হিলি চারমাথা থেকে মহিলা কলেজ পর্যন্ত অংশের জন্য ভূমি মন্ত্রণালয়ে প্রস্তাব পাঠানো হয়েছে। অধিগ্রহণ সম্পন্ন হলেই কাজ শুরু হবে।
স্থানীয়রা বলছেন, হিলি বন্দরের স্বাভাবিক আমদানি-রপ্তানি কার্যক্রম এবং জনদুর্ভোগ লাঘবে জরুরি ভিত্তিতে রাস্তাগুলোর সংস্কার করা প্রয়োজন।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
