ভারতীয় ক্রিকেট দলের আসন্ন বাংলাদেশ সফর নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা। কূটনৈতিক ও নিরাপত্তাজনিত কারণে দিল্লির পক্ষ থেকে সফরে আপত্তি জানানো হয়েছে বলে ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা গেছে।
ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) সূত্র জানায়, আগামী মাসে ভারতীয় জাতীয় দলের একটি পূর্ণাঙ্গ সফরের কথা ছিল বাংলাদেশে—যেখানে তিনটি ওয়ানডে এবং দুটি টেস্ট খেলার কথা ছিল। তবে শেষ মুহূর্তে দিল্লির পক্ষ থেকে ‘সুরক্ষা ঝুঁকি’ এবং ‘আঞ্চলিক স্থিতিশীলতা’র বিষয় তুলে সফরের ব্যাপারে আপত্তি তোলা হয়েছে।
একাধিক কূটনৈতিক সূত্র জানায়, সম্প্রতি ভারত-বাংলাদেশ সীমান্তে কয়েকটি ঘটনার প্রেক্ষিতে এবং অভ্যন্তরীণ নিরাপত্তা অগ্রাধিকার বিবেচনায় ভারত সরকারের পক্ষ থেকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এখনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানায়নি। তবে বিসিবির এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন,আমরা ভারতীয় বোর্ডের সঙ্গে যোগাযোগ রাখছি। আশা করছি কূটনৈতিক পর্যায়ে বিষয়টি সমাধান হবে।
বিশ্লেষকরা মনে করছেন, এ সিদ্ধান্ত কেবল খেলাধুলার ক্ষেত্রেই নয়, দুই দেশের সাম্প্রতিক রাজনৈতিক সম্পর্কেও প্রভাব ফেলতে পারে।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
