বাগেরহাটের শরণখোলায় নিয়ন্ত্রণ হারিয়ে ভ্যানগাড়ি পুকুরে পড়ে জিয়া উদ্দিন জিহাদ (১৬) নামে এক অষ্টম শ্রেণির ছাত্রের মর্মান্তিক মৃত্যু হয়েছে। শনিবার (৫ জুলাই) বিকেলে উপজেলার লাকুড়তলা বাজার সংলগ্ন মসজিদের পাশে এ দুর্ঘটনাটি ঘটে।
নিহত জিহাদ উপজেলার রাজেশ্বর গ্রামের ওমান প্রবাসী ইউসুফ আলী হাওলাদারের ছেলে। সে তাফালবাড়ি ফাজিল মাদ্রাসার ছাত্র ছিল। তার অকাল মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
শরণখোলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ শহিদুল্লাহ জানান,বিকেলে জিহাদ খালুর ভ্যানগাড়ি নিয়ে দোকানের বাকি টাকা দিতে গিয়েছিল। টাকা দিয়ে ফেরার পথে লাকুড়তলা বাজার এলাকায় এসে গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে যায়। সঙ্গে থাকা খালাতো বোন ও দুলাভাই তাকে উদ্ধার করে শরণখোলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক জিহাদকে মৃত ঘোষণা করেন।তিনি আরও জানান,এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে। নিহতের পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় মানবিক বিবেচনায় মরদেহ দাফনের অনুমতি প্রদান করা হয়েছে।এ ঘটনায় পরিবারসহ এলাকাবাসী শোকাহত। তারা জিহাদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া করেছেন।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
