প্রথম ম্যাচে বড় ব্যবধানে হারের পর ঘুরে দাঁড়াল বাংলাদেশ। ডাম্বুলার রণগিরি স্টেডিয়ামে সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে শ্রীলঙ্কাকে ৮৩ রানের বিশাল ব্যবধানে হারিয়ে তিন ম্যাচের সিরিজে ১-১ সমতায় ফিরেছে টাইগাররা।
টসে হেরে ব্যাট করতে নামে বাংলাদেশ। লিটন দাসের দায়িত্বশীল ব্যাটিং ও শামীম হোসেন পাটোয়ারীর ঝড়ো ইনিংসে নির্ধারিত ২০ ওভারে ১৭৭ রানের লড়াকু সংগ্রহ দাঁড় করায় সফরকারীরা।
জবাবে ব্যাটিংয়ে নেমে শুরুতেই ধস নামে শ্রীলঙ্কার। মাত্র ৩০ রানের মধ্যে ৪ উইকেট হারিয়ে চাপে পড়ে স্বাগতিকরা। এরপর শানাকা ও নিসাঙ্কা কিছুটা লড়লেও রিশাদ হোসেনের ঘূর্ণিতে ভাঙে তাদের ৪১ রানের জুটি। রিশাদ তুলে নেন ৩ উইকেট, যেটি ছিল ম্যাচের টার্নিং পয়েন্ট।
শেষ পর্যন্ত ৯৪ রানেই অলআউট হয়ে যায় লঙ্কানরা। নিসাঙ্কা করেন সর্বোচ্চ ৩২ রান, শানাকার ব্যাট থেকে আসে ২০ রান। বাকিরা কেউই দুই অঙ্কে পৌঁছাতে পারেননি।
বাংলাদেশের হয়ে রিশাদ নেন ৩টি, সাইফউদ্দিন ও শরিফুল ২টি করে এবং মোস্তাফিজ ও মিরাজ ১টি করে উইকেট শিকার করেন।
এই জয়ের ফলে তিন ম্যাচের সিরিজে এখন ১-১ সমতা। সিরিজের তৃতীয় ও শেষ টি-টোয়েন্টি অনুষ্ঠিত হবে আগামী বুধবার, ১৬ জুলাই। সেই ম্যাচই নির্ধারণ করবে কার হাতে উঠবে সিরিজের ট্রফি। জয় যার, সিরিজ তার—এখন অপেক্ষা রুদ্ধশ্বাস ফাইনালের।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
