আগামী ২০ জুলাই শুরু হচ্ছে বাংলাদেশ-পাকিস্তান বহুল প্রতীক্ষিত টি-টোয়েন্টি সিরিজ। মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে প্রথম ম্যাচের মধ্য দিয়ে পর্দা উঠবে এই সিরিজের। বাকি দুটি ম্যাচ অনুষ্ঠিত হবে ২২ ও ২৪ জুলাই, প্রতিটি ম্যাচই সন্ধ্যা ৬টায় শুরু হবে এবং সবগুলো ম্যাচই হবে মিরপুরেই। সিরিজ ঘিরে এখন মিরপুর স্টেডিয়ামে চলছে জোর প্রস্তুতি। মাঠ, পিচ, লাইট, ঘাস, পরিচ্ছন্নতা সব জায়গায়ই কাজ চলছে দিনরাত। মাঠকর্মীরা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ঘাস ছাঁটা, সমান করা, পানি দেওয়াসহ নানা কাজে ব্যস্ত। এমনকি এক ইঞ্চি এলাকাও যাতে খেলার অনুপযোগী না থাকে, সে দিকেও রাখা হচ্ছে কড়া নজর। স্পোর্টিং উইকেট তৈরির কাজ করছেন অভিজ্ঞ পিচ কিউরেটর গামিনী ডি সিলভা। ব্যাট ও বলের মধ্যে ভারসাম্য রাখা এবং আন্তর্জাতিক মান বজায় রাখাই তাঁর মূল লক্ষ্য। তিনি প্রতিদিনই কাজ করছেন সকাল-সন্ধ্যা। মিরপুর স্টেডিয়ামের জায়ান্ট স্ক্রিন–সংক্রান্ত দীর্ঘদিনের সমস্যারও সমাধান করছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এবার দর্শকদের জন্য যুক্ত হচ্ছে নতুন একটি জায়ান্ট স্ক্রিন, যার ফলে স্কোর ও রিপ্লে দেখা হবে আরও সহজ। সবমিলিয়ে পাকিস্তান সিরিজকে ঘিরে মিরপুর স্টেডিয়াম সেজেছে নতুন রূপে। মাঠের প্রস্তুতি প্রায় সম্পন্ন। এখন শুধু অপেক্ষা মাঠের লড়াইয়ের, যেখানে মুখোমুখি হবে দুই চিরপ্রতিদ্বন্দ্বী—বাংলাদেশ ও পাকিস্তান।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
