ক্যারিবিয়ান প্রিমিয়ার টি-টেন টুর্নামেন্ট ‘ম্যাক্স সিক্সটি’-তে নিজের প্রথম ম্যাচেই ব্যাটে-বলে আলো ছড়িয়েছেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। তবে তার এই উজ্জ্বল পারফরম্যান্সও জয় এনে দিতে পারেনি তার দল মায়ামি ব্লেইজকে। টুর্নামেন্টের প্রথম দিনেই টানা দুটি ম্যাচে হার দেখেছে দলটি, অবস্থান নিয়েছে পয়েন্ট টেবিলের তলানিতে।
মঙ্গলবার (১৭ জুলাই) রাতে অনুষ্ঠিত হয় দলটির দুইটি ম্যাচ। প্রথম ম্যাচে সাকিব ছিলেন না; কারণ একইদিন তিনি শেষ করেন গ্লোবাল টি-টোয়েন্টি লিগ এবং পরে দলের সঙ্গে যোগ দেন। তার অনুপস্থিতিতেই উদ্বোধনী ম্যাচে ৩২ রানে হেরে যায় মায়ামি ব্লেইজ। ১১৩ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ৮০ রানে থেমে যায় দলটি, প্রতিপক্ষ ছিল বোকা রাটন ট্রেইলব্লেজার্স।
দ্বিতীয় ম্যাচেই দেখা মেলে সাকিবের অলরাউন্ড নৈপুণ্যের। ফ্লোরিডা লায়নসের বিপক্ষে বল হাতে মাত্র ২ ওভারে ১৯ রান খরচায় শিকার করেন গুরুত্বপূর্ণ দুটি উইকেট। পাশাপাশি ফিল্ডিংয়ে নেন দুটি ক্যাচ এবং একটি রানআউট করে সরব উপস্থিতি জানান দেন মাঠে।
ব্যাট হাতেও দলকে দ্রুত সূচনা এনে দেন সাকিব। ইনিংস উদ্বোধনে নেমে ৮ বলে ১৩ রান করেন, যেখানে ছিল একটি চার ও একটি ছক্কার মার। কিন্তু দ্বিতীয় ওভারেই ডেমার জনসনের বলে এলবিডব্লিউ হয়ে থেমে যায় তার ইনিংস।
সাকিবের বিদায়ের পর লড়াই চালিয়ে যান শ্রীলঙ্কান ব্যাটার সিহান জয়সুরিয়া। ১৩ বলে অপরাজিত ২৫ রানের ইনিংস খেললেও দলের বাকিদের ব্যর্থতায় ৯৮ রানেই থামে মায়ামির ইনিংস। জয়ের থেকে মাত্র ৯ রান দূরে থেকে টানা দ্বিতীয় ম্যাচেও পরাজয়ের হতাশা নিয়ে মাঠ ছাড়ে সাকিবের দল।
টুর্নামেন্টে টানা দুই ম্যাচ হেরে শুরুর ধাক্কায় বিপর্যস্ত মায়ামি ব্লেইজ। তবে সাকিব আল হাসানের অলরাউন্ড পারফরম্যান্স দলের জন্য আশার প্রদীপ জ্বালিয়ে রেখেছে। পরের ম্যাচগুলোতে ঘুরে দাঁড়ানোর প্রত্যাশাই এখন ভক্তদের চোখে মুখে।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
