শ্রীলঙ্কার মাটিতে ঐতিহাসিক সিরিজ জয়ের রেশ কাটিয়ে এবার নতুন চ্যালেঞ্জের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ। প্রতিপক্ষ শক্তিশালী পাকিস্তান। তিন ম্যাচের প্রতীক্ষিত টি-টোয়েন্টি সিরিজ সামনে রেখে এরইমধ্যে ঢাকায় পৌঁছেছে পাকিস্তান দল। গত ১৬ জুলাই সন্ধ্যায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে সফরকারী দল।
সিরিজ শুরুর একদিন আগেই আজ (শুক্রবার) সন্ধ্যায় মিরপুর একাডেমি মাঠে অনুশীলনে নামবে বাংলাদেশ দল। তার আগে অনুষ্ঠিত হয়েছে সিরিজের ট্রফি উন্মোচন অনুষ্ঠান। রাজধানীর হোটেল প্যান প্যাসিফিকে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দুই দলের অধিনায়ক—লিটন দাস ও সালমান আলী আগা।
সংবাদ সম্মেলনের পূর্বে আনুষ্ঠানিকভাবে উন্মোচন করা হয় বাংলাদেশ-পাকিস্তান টি-টোয়েন্টি সিরিজের ট্রফি। হাসিমুখে ট্রফি হাতে ফটোসেশনে অংশ নেন লিটন ও সালমান। দুই অধিনায়কের চোখেমুখেই লক্ষ্য একটাই—ট্রফি ঘরে তোলা।
এই সিরিজের প্রথম ম্যাচ মাঠে গড়াবে আগামীকাল (২০ জুলাই) সন্ধ্যা ৬টায়, মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে। একই ভেন্যুতে দ্বিতীয় ম্যাচ ২২ জুলাই ও তৃতীয় এবং শেষ ম্যাচ অনুষ্ঠিত হবে ২৪ জুলাই।
উভয় দলের প্রস্তুতি এখন চূড়ান্ত, লক্ষ্য একটাই—সিরিজ জয় ও ট্রফির দখল নিশ্চিত করা।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
