রাজধানীসহ দেশের প্রতিটি এলাকায় সুবিধাবঞ্চিত শিশু-কিশোর, বিশেষ করে মাদকাসক্ত পথশিশুদের পুনর্বাসনে এখনই জরুরি ও কার্যকর উদ্যোগ গ্রহণ করা অত্যন্ত প্রয়োজন। আমরা সমাজের নানা সমস্যাকে ঘিরে সচেতনতা প্রদর্শন করি, বিতর্ক করি, আলোচনা করি; কিন্তু এই শিশুদের অনিশ্চিত জীবন নিয়ে আমাদের ভাবনা যেন দায়সারা পর্যায়ের বাইরে যেতে পারে না।‘শিশু’ শব্দটির সঙ্গেই জড়িয়ে আছে স্নেহ, মমতা, ভালোবাসা ও নিরাপত্তার আবরণ। কিন্তু বাস্তবতা হলো, সমাজের একটি বড় অংশ শিশু—যাদের আমরা ‘পথশিশু’ হিসেবে চিহ্নিত করি তারা জন্ম থেকেই এই আবরণ থেকে বঞ্চিত। মা-বাবার পরিচয় নেই, ঘরের ঠিকানা নেই, নিরাপত্তা নেই এই শিশুরাই প্রতিনিয়ত বেড়ে উঠছে অপরাধের ছায়ায়, মাদকের ভয়াবহ ফাঁদে।দেশের সামগ্রিক আর্থসামাজিক চিত্রের প্রতিফলন হচ্ছে এই শিশুদের জীবন। এক সমীক্ষা অনুযায়ী দেশে বর্তমানে প্রায় ১১.৫ লাখ পথশিশু রয়েছে, যার মধ্যে ৫.৫ লাখ শিশু মাদকাসক্তএই তথ্যই বলে দেয় পরিস্থিতি কতটা ভয়াবহ। মাদক সংগ্রহের অর্থ জোগাড় করতে গিয়ে তারা কখনো চুরি, কখনো ছিনতাই, আবার কখনো খুনের মতো জঘন্য অপরাধে জড়িয়ে পড়ে। তারা হয়তো জানেই না, এই পথ তাদের শৈশব কেড়ে নিচ্ছে, ভবিষ্যৎ ধ্বংস করে দিচ্ছে।যারা শিশুদের নিয়ে মাঠপর্যায়ে কাজ করছেন, তাদের মতে পথশিশুদের অপরাধে জড়িয়ে পড়ার মূল কারণ দারিদ্র, পারিবারিক অশান্তি, বিচ্ছিন্নতা, যৌন ও মানসিক নির্যাতন, প্রাকৃতিক দুর্যোগ, নদীভাঙন ও হারিয়ে যাওয়া। এসব শিশুদের অনেকেই পরিবারে ফিরতে চাইলেও সমাজ, রাষ্ট্র ও আইন-শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে উপযুক্ত সহায়তা না থাকায় তারা আবার সেই অন্ধকারেই ফিরে যায়।
পুনর্বাসনে যেসব চ্যালেঞ্জ:
পর্যাপ্ত নিরাময় কেন্দ্রের অভাব
মাদকাসক্ত শিশুদের প্রতি নেতিবাচক দৃষ্টিভঙ্গি
সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের সমন্বয়ের অভাব
চিকিৎসা ও কাউন্সেলিংয়ে দক্ষ জনবলের ঘাটতি
চিকিৎসার পরপরই স্থায়ী পুনর্বাসন পরিকল্পনার অনুপস্থিতি
প্রস্তাবনা:
১. প্রতিটি জেলার জন্য সরকারি উদ্যোগে একটি করে শিশু পুনর্বাসন ও নিরাময় কেন্দ্র প্রতিষ্ঠা করতে হবে।
২. সামাজিক পুনর্বাসন, শিক্ষা ও কর্মমুখী প্রশিক্ষণ অবশ্যই এসব কেন্দ্রের অংশ হতে হবে।
৩. আইন ও নীতিমালার সমন্বয় করে শিশু-কিশোরদের জন্য একটি টাস্কফোর্স বা শিশু সুরক্ষা সেল গঠন করা জরুরি।
৪. বেসরকারি সংস্থাগুলোকে নীতিগতভাবে সহযোগিতা দিতে হবে, বিশেষ করে তাদের তহবিল ও মাঠপর্যায়ের কার্যক্রমে।
৫. গণমাধ্যমে শিশুদের মানবিক গল্প তুলে ধরা এবং সমাজে ইতিবাচক সচেতনতা সৃষ্টি করতে হবে।
সুবিধাবঞ্চিত শিশুদের আমরা যদি এখনই গ্রহণ না করি, তবে ভবিষ্যতের সমাজে এদের বিরূপ প্রতিক্রিয়ার দায় আমাদেরকেই নিতে হবে। তাদের জন্য এখনই দরকার ভালোবাসা, সহানুভূতি এবং একটি সুসংগঠিত রাষ্ট্রীয় পরিকল্পনা।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
