পিরোজপুরে বর্ণাঢ্য আয়োজনে শুরু হয়েছে জাতীয় ফুটবল চ্যাম্পিয়নশিপ–২০২৫। উদ্বোধনী খেলায় মুখোমুখি হয় পিরোজপুর জেলা ফুটবল দল ও বাগেরহাট জেলা ফুটবল দল। রোববার (১৪ সেপ্টেম্বর) বিকেল ৩টায় জেলা স্টেডিয়ামে অনুষ্ঠিত এই খেলাটি গোলশূন্যভাবে ড্র হয়।
পিরোজপুর জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের আয়োজনে এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয় ও বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) পৃষ্ঠপোষকতায় এই প্রতিযোগিতার উদ্বোধন হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পিরোজপুরের জেলা প্রশাসক মোহাম্মদ আশরাফুল আলম খান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার খান মুহাম্মদ আবু নাসের এবং বাংলাদেশ ফুটবল ফেডারেশনের কার্যনির্বাহী কমিটির সদস্য জাকির হোসেন চৌধুরী।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা ক্রীড়া অফিসার ও জেলা ক্রীড়া সংস্থার সদস্য–সচিব হুসাইন আহমাদ।
এছাড়াও উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য অধ্যক্ষ আলমগীর হোসেন, জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক সাইদুল ইসলাম কিসমতসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ। সঞ্চালনা করেন সাবেক জাতীয় ফুটবলার ও জেলা ক্রীড়া সংস্থার সদস্য মো. লিটন খান।
অনুষ্ঠানে বক্তারা বলেন, যুব সমাজকে মাদকের আসক্তি থেকে দূরে রাখতে খেলাধুলার কোনো বিকল্প নেই। সুস্থ দেহ ও সুন্দর মন গঠনে ক্রীড়ার ভূমিকা অপরিসীম।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
