খুলনায় হাসপাতাল থেকে চুরি হওয়া এক নবজাতককে মাত্র সাত ঘণ্টার মধ্যেই উদ্ধার করেছে পুলিশ। সোমবার সন্ধ্যা ৬টার দিকে নগরীর রূপসা ট্রাফিক মোড় এলাকা থেকে নবজাতকটিকে উদ্ধার করা হয়। এ ঘটনায় জড়িত সন্দেহে এক নারীসহ তিনজনকে পুলিশ হেফাজতে নিয়েছে।
এর আগে দুপুর সাড়ে ১১টার দিকে রূপসা ট্রাফিক মোড়ে অবস্থিত ড্যাপস্ হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারের তৃতীয় তলা থেকে নবজাতকটি চুরি হয়।
শিশুটির পরিবার জানায়, মোংলার বাসিন্দা সুজন ও ফারজানা দম্পতির ঘরে চার দিন আগে পুত্রসন্তান জন্ম নেয়। সোমবার দুপুরে হঠাৎ হাসপাতাল থেকে শিশুটি হারিয়ে গেলে স্বজনদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। সিসিটিভি ফুটেজে দেখা যায়, দ্বিতীয় তলায় থাকা এক নারী তৃতীয় তলা থেকে কাপড়ে ঢাকা একটি শিশু নিয়ে যাচ্ছেন।
পুলিশ জানায়, ওই নারীও হাসপাতালের একজন প্রসূতি ছিলেন এবং তার পাঁচটি কন্যা সন্তান রয়েছে। ধারণা করা হচ্ছে, ছেলে সন্তানের প্রতি আকাঙ্ক্ষা থেকেই তিনি নবজাতকটি চুরি করেছিলেন। বর্তমানে ওই নারীসহ তিনজনকে পুলিশ হেফাজতে রাখা হয়েছে। জিজ্ঞাসাবাদ ও যাচাই-বাছাই শেষে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
