রাজধানীর মাইলস্টোন স্কুলে সংঘটিত মর্মান্তিক বিমান দুর্ঘটনার তদন্তে পাইলটের উড্ডয়ন ত্রুটি (pilot error) দুর্ঘটনার মূল কারণ হিসেবে চিহ্নিত হয়েছে। বুধবার (৫ নভেম্বর) দুপুরে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূসের কাছে তদন্ত প্রতিবেদন জমা দেয় কমিটি।
অন্তর্বর্তী সরকারের গঠিত ৯ সদস্যের তদন্ত কমিটির নেতৃত্বে ছিলেন সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার (পিএসও) লেফটেন্যান্ট জেনারেল এস এম কামরুল হাসান। কমিটি দুর্ঘটনাস্থল পরিদর্শন, সাক্ষ্যগ্রহণ ও নথিপত্র বিশ্লেষণ করে ৩৩টি গুরুত্বপূর্ণ সুপারিশ করেছে।
প্রতিবেদনে বলা হয়েছে, প্রশিক্ষণের সময় যুদ্ধবিমানের পাইলট ফ্লাইট লেফটেন্যান্ট মো. তৌকির ইসলাম উড্ডয়নের একপর্যায়ে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। এতে বিমানটি নিয়ন্ত্রণহীনভাবে নিচে নেমে উত্তরার দিয়াবাড়ি এলাকায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের ভবনে আঘাত হানে।
ঘটনায় ৩৬ জন নিহত হন, যাদের অধিকাংশই ছিলেন স্কুলের শিক্ষার্থী। বিমানের পাইলটও ঘটনাস্থলেই প্রাণ হারান।
তদন্ত প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়েছে জননিরাপত্তার স্বার্থে ভবিষ্যতে বিমানবাহিনীর প্রাথমিক প্রশিক্ষণ কার্যক্রম ঢাকার বাইরে স্থানান্তর করা জরুরি।
বিল্ডিং কোড লঙ্ঘনের প্রমাণ
তদন্তে জানা গেছে, মাইলস্টোন স্কুলের ভবনটি রাজউকের বিল্ডিং কোড অনুযায়ী অনুমোদিত ছিল না। প্রতিবেদনে বলা হয়েছে, ভবনটিতে ন্যূনতম তিনটি সিঁড়ি থাকার কথা থাকলেও বাস্তবে ছিল মাত্র একটি, যা মাঝ বরাবর অবস্থিত ছিল। এতে দুর্ঘটনার পর উদ্ধারকাজ বিলম্বিত হয় এবং প্রাণহানির মাত্রা বেড়ে যায়।
প্রধান উপদেষ্টার নির্দেশনা
তদন্ত প্রতিবেদনের ভিত্তিতে প্রধান উপদেষ্টা রাজউক ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন যেন রাজউকের আওতাধীন এবং আশেপাশের অঞ্চলগুলোতে (যেমন সাভার, কাঞ্চন ও তারাবো) নির্মিত সব ভবন কোড অনুযায়ী নির্মাণ করা হয় এবং তা কঠোরভাবে তদারকি করা হয়।
এছাড়া কমিটির সুপারিশ অনুযায়ী, বরিশাল ও বগুড়ার রানওয়ে সম্প্রসারণের নির্দেশও দিয়েছেন প্রধান উপদেষ্টা, যাতে প্রাথমিক পর্যায়ের ফ্লাইট প্রশিক্ষণ নিরাপদ ও নিরিবিলি পরিবেশে পরিচালনা করা যায়।
তদন্ত কমিটির পরিধি
তদন্ত কমিটি ১৫০ জন প্রত্যক্ষদর্শী ও সংশ্লিষ্ট ব্যক্তির সাক্ষ্য গ্রহণ করেছে এবং মোট ১৬৮টি প্রাসঙ্গিক তথ্য সংগ্রহ করেছে।
সরকারি সূত্র জানিয়েছে, প্রতিবেদনের সুপারিশসমূহ দ্রুত বাস্তবায়নের জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোকে নির্দেশনা দেওয়া হয়েছে, যাতে এ ধরনের দুর্ঘটনা আর কখনও না ঘটে।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
