ঢাকা, ৩০ এপ্রিল ২০২৬, বৃহস্পতিবার, ১৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

সুন্দরবন পর্যটন: হতাশ ভ্রমণপিপাসুরা

অনুসন্ধান | বিশেষ প্রতিবেদন | বাংলা আওয়ার | মনিরুল ইসলাম দুলু | বাগেরহাট প্রতিনিধি

(৩ মাস আগে) ৬ জানুয়ারি ২০২৬, মঙ্গলবার, ৪:২৭ অপরাহ্ন

সর্বশেষ আপডেট: ৭:৫৫ অপরাহ্ন

banglahour

এক সময় যে সুন্দরবন ছিল পর্যটকদের কোলাহলে মুখর, আজ সেখানে নেমে এসেছে অস্বাভাবিক নীরবতা। বিশ্বের বৃহত্তম ম্যানগ্রোভ বন ঘিরে গড়ে ওঠা মোংলা-কেন্দ্রিক পর্যটন ব্যবস্থা এখন নানা সংকটে জর্জরিত। নৌযান ধর্মঘট, প্রশাসনিক জটিলতা ও ব্যয়বহুল শর্তের চাপে সুন্দরবন পর্যটন যেন আবারও পিছিয়ে পড়ছে।

গত এক দশকে, বিশেষ করে ২০১৪ থেকে ২০১৯ সাল পর্যন্ত, সুন্দরবন পর্যটনে ছিল স্বর্ণালী সময়।
মোংলা ও আশপাশের ঘাট থেকে প্রতিদিন শতাধিক পর্যটনবাহী জালিবোট ও লঞ্চ সুন্দরবনের বিভিন্ন স্পটে যেত। দেশি-বিদেশি পর্যটকে মুখর থাকত করমজল, কটকা, হারবাড়িয়া।

 বর্তমানে নৌযান ধর্মঘটের কারণে প্রায় ৪শ নৌযান বন্ধ, ফলে পর্যটন কার্যক্রম কার্যত স্থবির।

মোংলায় সুন্দরবনগামী পর্যটনবাহী জালিবোট, লঞ্চ ও ট্রলার মালিকদের ধর্মঘট চলছে। এই ধর্মঘটের আওতায় ছোট-বড় মিলিয়ে প্রায় ৪শ নৌযান চলাচল বন্ধ রয়েছে। ফলে সুন্দরবন পর্যটকশূন্য হয়ে পড়েছে।

 দূরদূরান্ত থেকে মোংলার পিকনিক কর্ণারে আসা অসংখ্য পর্যটক নৌযান চলাচল বন্ধ থাকায় হতাশ হয়ে ফিরে যেতে বাধ্য হন।

জালিবোট মালিক সমিতির কোষাধ্যক্ষ আবু হানিফ জানান, গত রোববার নৌপরিবহন অধিদপ্তরের খুলনাঞ্চলের কর্মকর্তা-কর্মচারীরা মোংলার ফেরিঘাট এলাকায় অবস্থানরত অন্তত ৩০টি জালিবোটের উপরের অংশের অবকাঠামো কেটে ও ভেঙে ফেলে এবং সেসব মালামাল নিয়ে যায়। এতে বোটগুলোর সৌন্দর্য নষ্ট হওয়ার পাশাপাশি পর্যটকদের বসার স্বাচ্ছন্দ্যও বিঘ্নিত হয়। এর প্রতিবাদে ক্ষতিগ্রস্ত বোট মালিকরা সোমবার থেকে ধর্মঘটের ডাক দেন।

ডিজি শিপিং (নৌপরিবহন অধিদপ্তর) নানা শর্ত আরোপ করে ছোট নৌযান মালিকদের অহেতুক হয়রানি করছে। এসব জালিবোট মূলত ডিজি শিপিংয়ের আওতাভুক্ত নয়। লাইসেন্সসহ বিভিন্ন শর্ত পূরণের জন্য ৩০ থেকে ৪০ হাজার টাকা ব্যয় করা বোট মালিকদের পক্ষে সম্ভব নয়। কারণ বছরে মাত্র তিন মাস পর্যটন মৌসুম থাকে, বাকি সময় নৌযান অলস অবস্থায় পড়ে থাকে।

চুয়াডাঙ্গা থেকে আসা পর্যটক আব্দুর রহমান বলেন, “পরিবার ও প্রতিবেশীদের নিয়ে সুন্দরবন ভ্রমণে এসে জানতে পারি নৌযান ধর্মঘট চলছে। তাই খুব হতাশ হয়ে ফিরে যাচ্ছি।”

দিনাজপুর থেকে পরিবারসহ আসা সরোবর আলম বলেন, “অনেক আশা নিয়ে এসেছিলাম। কিন্তু নৌযান বন্ধ থাকায় সুন্দরবনে যাওয়া সম্ভব হচ্ছে না। বাধ্য হয়ে ফিরে যেতে হচ্ছে।”

মোংলা বন্দর যন্ত্রচালিত মাঝিমাল্লা সংঘের সভাপতি মোঃ দেলোয়ার হোসেন বলেন, নৌপরিবহন অধিদপ্তরের হয়রানির প্রতিবাদে নৌযান মালিকরা ধর্মঘট শুরু করেছেন। ধর্মঘটের আওতায় প্রায় ৪শ জালিবোট, ট্রলার ও লঞ্চ চলাচল বন্ধ রয়েছে। বোট মালিকদের পক্ষে ব্যয়বহুল শর্ত পূরণ করা সম্ভব নয়। দাবি পূরণ না হওয়া পর্যন্ত ধর্মঘট চলবে।

সুন্দরবনের করমজল পর্যটন কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আজাদ কবির জানান, নৌযান চলাচল বন্ধ থাকায় সোমবার ভোর থেকে কোনো পর্যটক করমজলে প্রবেশ করতে পারেননি।

এদিকে নৌপরিবহন অধিদপ্তরের খুলনা পরিদর্শক মোঃ রাশেদুল আলম বলেন, জালিবোটগুলোর উপরের অংশের অবকাঠামো অপসারণ করা হয়েছে নৌযানের স্থিতিশীলতা বজায় রাখা ও দুর্ঘটনা এড়ানোর জন্য। মূল উদ্দেশ্য পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করা।

অনুসন্ধান থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯