বাংলাদেশের সীমান্ত ইতিহাসে এক কলঙ্কজনক অধ্যায়ের ১৫ বছর পূর্ণ হলো। ২০১১ সালের এই দিনে কুড়িগ্রামের ফুলবাড়ীর অনন্তপুর সীমান্তে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী (বিএসএফ)-এর গুলিতে নির্মমভাবে নিহত হয় কিশোরী ফেলানী খাতুন। হত্যাকাণ্ডের পর দীর্ঘ সাড়ে চার ঘণ্টা কাঁটাতারে ঝুলে থাকা ফেলানীর নিথর দেহ বিশ্বজুড়ে মানবতার বিবেককে নাড়া দিয়েছিল। কিন্তু দুঃখজনক বাস্তবতা হলো, ১৫ বছর পার হলেও আজও এই হত্যাকাণ্ডের বিচার হয়নি।
যেভাবে ঘটেছিল নির্মম হত্যাকাণ্ড
কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার রামখানা ইউনিয়নের কলোনীটারী গ্রামের বাসিন্দা নূরুল ইসলাম পরিবারসহ ভারতের আসামের বঙ্গাইগাঁও এলাকায় বসবাস করতেন। বড় মেয়ে ফেলানীর বিয়ে ঠিক হয় বাংলাদেশে। বিয়ের উদ্দেশ্যেই ২০১১ সালের ৭ জানুয়ারি ভোরে সীমান্ত পার হওয়ার চেষ্টা করে ফেলানী।
ফুলবাড়ী উপজেলার অনন্তপুর সীমান্তে মই বেয়ে কাঁটাতার টপকানোর সময় বিএসএফ সদস্যদের গুলিতে বিদ্ধ হয় সে। গুলিবিদ্ধ অবস্থায় প্রায় আধাঘণ্টা ছটফট করার পর নির্মম মৃত্যু হয় কিশোরী ফেলানীর। সকাল পৌনে ৭টা থেকে তার নিথর দেহ কাঁটাতারের ওপর ঝুলে থাকে প্রায় সাড়ে চার ঘণ্টা, যা ক্যামেরাবন্দি হয়ে বিশ্বজুড়ে আলোড়ন তোলে।
আন্তর্জাতিক প্রতিক্রিয়া ও বিচার প্রক্রিয়ার শুরু
ফেলানী হত্যাকাণ্ডের ছবি ও ভিডিও গণমাধ্যমে প্রকাশিত হলে আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনগুলোর তীব্র সমালোচনার মুখে পড়ে ভারত। দীর্ঘ চাপের মুখে ২০১৩ সালের ১৩ আগস্ট ভারতের কোচবিহারে জেনারেল সিকিউরিটি ফোর্সেস কোর্টে (এঝঋঈ) মামলার বিচার শুরু হয়।
ফেলানীর বাবা নূরুল ইসলাম ও মামা হানিফ আদালতে সাক্ষ্য দেন। কিন্তু ওই বছরের ৬ সেপ্টেম্বর অভিযুক্ত বিএসএফ সদস্য অমিয় ঘোষকে খালাস দেয় বিশেষ আদালত।
পুনর্বিচারেও খালাস, বাড়ে হতাশা
রায়ে অসন্তুষ্ট হয়ে পুনর্বিচারের আবেদন করেন ফেলানীর বাবা। ২০১৪ সালের ২২ সেপ্টেম্বর পুনর্বিচার শুরু হয় এবং ২০১৪ সালের ১৭ নভেম্বর ফের সাক্ষ্য দেন নূরুল ইসলাম। তবে ২০১৫ সালের ২ জুলাই আবারও অভিযুক্ত অমিয় ঘোষকে খালাস দেয় আদালত।
সুপ্রিম কোর্টে মামলা, তবু থেমে আছে বিচার
২০১৫ সালের ১৪ জুলাই ভারতের মানবাধিকার সংগঠন ‘মাসুম’-এর সহযোগিতায় ফেলানীর পরিবারের পক্ষে ভারতের সুপ্রিম কোর্টে রিট পিটিশন দায়ের করা হয়। ২০১৫ সালের ৬ অক্টোবর শুনানি শুরু হলেও ২০১৬, ২০১৭ ও ২০১৮ সালে একাধিকবার শুনানি পেছানো হয়। সর্বশেষ ২০২০ সালের ১৮ মার্চ শুনানির তারিখ থাকলেও করোনা পরিস্থিতির পর থেকে আর কোনো অগ্রগতি হয়নি।
স্বজনদের আর্তনাদ
১৫ বছরেও বিচার না পেয়ে গভীর হতাশা প্রকাশ করেছেন ফেলানীর বাবা-মা। তারা বলছেন, “আমাদের মেয়েকে চোখের সামনে হত্যা করা হয়েছে, অথচ আজও বিচার পেলাম না। বিচার না হলে শান্তি পাব না।”
একইভাবে ক্ষুব্ধ ও হতাশ স্থানীয় এলাকাবাসী ও স্বজনরাও। তাদের মতে, ফেলানী হত্যার বিচার না হওয়ায় সীমান্তে হত্যাকাণ্ড বন্ধ হচ্ছে না।
আইনজীবীর মতামত
কুড়িগ্রাম জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট ফখরুল ইসলাম বলেন, “ফেলানী হত্যার বিচার না হওয়া ভারতের আন্তরিকতার অভাবকেই স্পষ্ট করে। এই বিচার হলে সীমান্ত হত্যা অনেকাংশে কমে আসত। মানবাধিকারের প্রশ্নে ভারতের উচিত এই বিচার আর ঝুলিয়ে না রাখা।”
মানবাধিকারের প্রশ্নে আজও অমীমাংসিত
ফেলানী হত্যাকাণ্ড আজ শুধু একটি পরিবারের বেদনার গল্প নয়; এটি সীমান্ত হত্যা ও মানবাধিকার লঙ্ঘনের প্রতীক। ১৫ বছরেও বিচার না হওয়ায় প্রশ্ন উঠছে, দুই দেশের কূটনৈতিক সম্পর্ক ও আন্তর্জাতিক মানবাধিকার ব্যবস্থার কার্যকারিতা নিয়ে।
আজও ফেলানীর বাবা-মা, স্বজন ও দেশের মানুষ ন্যায়বিচারের অপেক্ষায়। সীমান্তে ঝরে যাওয়া এক কিশোরীর রক্ত যেন ইতিহাসের পাতায় শুধু একটি করুণ অধ্যায় হয়েই না থেকে যায়, এই প্রত্যাশাই সবার।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
