কুমিল্লার মুরাদনগরে সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভুইয়ার বক্তব্যের প্রতিবাদে ঝাড়ু মিছিল ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার বিকেলে কুমিল্লা-৫ (মুরাদনগর) আসনের বিএনপির প্রার্থী ও দলটির ভাইস চেয়ারম্যান আলহাজ কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদকে নিয়ে দেওয়া বক্তব্যের প্রতিবাদে উপজেলার আল্লাহর চত্বর এলাকায় ‘সর্বস্তরের জনগণ’-এর ব্যানারে এ কর্মসূচি পালন করা হয়।
আয়োজকরা জানান, সম্প্রতি এক বক্তব্যে আসিফ মাহমুদ সজিব ভুইয়া দাবি করেন, সাবেক সংসদ সদস্য কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ বিদেশে বাড়ি করেছেন এবং তিনি কয়েক কোটি টাকার ঋণখেলাপি। পাশাপাশি তিনি প্রশ্ন তোলেন—এমন অভিযোগ থাকা সত্ত্বেও কেন নির্বাচন কমিশন কায়কোবাদের মনোনয়ন বৈধ ঘোষণা করেছে।
এই বক্তব্যকে ‘মিথ্যা, ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত’ আখ্যা দিয়ে প্রতিবাদকারীরা ঝাড়ু মিছিল বের করেন। মিছিলটি উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় আল্লাহর চত্বরে এসে শেষ হয়। পরে সেখানে এক বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের পাশাপাশি স্থানীয় সাধারণ জনগণ অংশগ্রহণ করেন। বক্তারা বলেন, কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদকে হেয় করার উদ্দেশ্যেই আসিফ মাহমুদ সজিব ভুইয়া এ ধরনের বক্তব্য দিয়েছেন, যা আসন্ন নির্বাচনকে প্রশ্নবিদ্ধ ও বানচাল করার ষড়যন্ত্রের অংশ।
বক্তারা সরকারের কাছে আসিফ মাহমুদ সজিব ভুইয়ার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানান। একই সঙ্গে তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, দ্রুত ব্যবস্থা না নেওয়া হলে ভবিষ্যতে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
