১৯৯০ সালের ৬ ডিসেম্বর সামরিক শাসক জেনারেল হুসেইন মুহাম্মদ এরশাদের পতনের মধ্য দিয়ে বাংলাদেশে গণতন্ত্রে প্রত্যাবর্তনের পথ উন্মুক্ত হয়। এর পরের বছর ১৯৯১ সালের ২৭ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হয় দেশের পঞ্চম জাতীয় সংসদ নির্বাচন। এই নির্বাচনের মধ্য দিয়েই দীর্ঘ বিরতির পর বাংলাদেশ নতুন করে গণতান্ত্রিক শাসনব্যবস্থার পথে যাত্রা শুরু করে।
এরপর গত প্রায় ৩৫ বছরে নানা রাজনৈতিক টানাপোড়েন, আন্দোলন, সরকার পরিবর্তন ও বিতর্কের মধ্য দিয়ে দেশে মোট সাতটি জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। চলুন এক নজরে দেখে নেওয়া যাক—সেসব নির্বাচনের প্রেক্ষাপট ও ফলাফল।
১৯৯১ সালের নির্বাচন
সামরিক শাসক এরশাদের পতনের পর এটিই ছিল দেশের প্রথম পূর্ণাঙ্গ গণতান্ত্রিক নির্বাচন, যেখানে প্রায় সব রাজনৈতিক দল অংশ নেয়। ১৯৯১ সালের ২৭ ফেব্রুয়ারি অন্তর্বর্তী সরকারের অধীনে অনুষ্ঠিত পঞ্চম জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি জয়লাভ করে। এর মধ্য দিয়ে খালেদা জিয়ার নেতৃত্বে সরকার গঠিত হয় এবং সংসদীয় গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠিত হয়।
১৯৯৬ সালের নির্বাচন
সংবিধানে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা যুক্ত হওয়ার পর এটিই ছিল প্রথম জাতীয় নির্বাচন। নানা রাজনৈতিক সংকট ও আন্দোলনের পর ১৯৯৬ সালের ১২ জুন এই নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে আওয়ামী লীগ জয়লাভ করে সরকার গঠন করে। এর আগে একই বছরের ১৫ ফেব্রুয়ারি তৎকালীন ক্ষমতাসীন বিএনপির অধীনে অনুষ্ঠিত নির্বাচনটি বিরোধীদের বর্জনের কারণে বিতর্কিত হয়। পরবর্তীতে আন্দোলনের মুখে সংসদ বিলুপ্ত করে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নতুন নির্বাচন দেওয়া হয়।
২০০১ সালের নির্বাচন
তত্ত্বাবধায়ক সরকারের অধীনে অনুষ্ঠিত দ্বিতীয় জাতীয় নির্বাচন এটি। ২০০১ সালের নির্বাচনে বিএনপির নেতৃত্বে জামায়াতে ইসলামীসহ চারদলীয় জোট বিজয়ী হয়। এই নির্বাচনের মাধ্যমে দ্বিতীয়বারের মতো প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেন খালেদা জিয়া।
২০০৮ সালের নির্বাচন
দুই বছর ধরে সেনা-সমর্থিত তত্ত্বাবধায়ক সরকার ক্ষমতায় থাকার পর ২০০৮ সালে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। এই নির্বাচনে আওয়ামী লীগ বিপুল বিজয় অর্জন করে সরকার গঠন করে। নির্বাচন-পূর্ব সময়ে আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াসহ শীর্ষ রাজনৈতিক নেতাদের গ্রেপ্তার করা হয়, যা রাজনীতিতে ‘মাইনাস টু’ ফর্মুলা নামে পরিচিতি পায়।
২০১৪ সালের নির্বাচন
তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলকে কেন্দ্র করে ব্যাপক রাজনৈতিক আন্দোলনের মুখে ২০১৪ সালের নির্বাচন আয়োজন করে আওয়ামী লীগ সরকার। বিএনপি ও জামায়াতে ইসলামীসহ অধিকাংশ বিরোধী দল নির্বাচন বর্জন করে। দেড় শতাধিক আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়ে আওয়ামী লীগ টানা দ্বিতীয়বারের মতো সরকার গঠন করে।
২০১৮ সালের নির্বাচন
আওয়ামী লীগ সরকারের অধীনেই অনুষ্ঠিত হয় ২০১৮ সালের জাতীয় নির্বাচন। এ নির্বাচনে বিএনপিসহ বিরোধী দলগুলো অংশ নিলেও ব্যাপক কারচুপি ও অনিয়মের অভিযোগ ওঠে। নির্বাচনের ফলাফল নিয়ে তীব্র বিতর্ক সৃষ্টি হয় এবং পরবর্তীতে এটি ‘রাতের ভোট’ নামে পরিচিতি পায়। শেষ পর্যন্ত আওয়ামী লীগই বিজয়ী হয়।
২০২৪ সালের নির্বাচন
আওয়ামী লীগের টানা ১৬ বছরের শাসনামলে অনুষ্ঠিত তৃতীয় এবং সর্বশেষ জাতীয় নির্বাচন এটি। বিএনপি নির্বাচন বর্জন করে এবং একতরফা নির্বাচনের মধ্য দিয়ে আওয়ামী লীগ আবারও সরকার গঠন করে। তবে ওই বছরই ৫ আগস্ট সংঘটিত এক গণঅভ্যুত্থানের মাধ্যমে আওয়ামী লীগ সরকার ক্ষমতাচ্যুত হয়, যা বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে একটি বড় মোড় হিসেবে বিবেচিত হচ্ছে।
বাংলাদেশের জাতীয় নির্বাচনের এই ৩৫ বছরের ইতিহাস গণতন্ত্রের পথচলায় সাফল্য, সংকট ও বিতর্ক—সবকিছুরই প্রতিচ্ছবি। ভবিষ্যতের নির্বাচনগুলো এই অভিজ্ঞতা থেকে কীভাবে শিক্ষা নেয়, সেটিই এখন বড় প্রশ্ন।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
