ঢাকা, ৩০ এপ্রিল ২০২৬, বৃহস্পতিবার, ১৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

কড়া নীতির ছায়ায় বৈশ্বিক অভিবাসন: যুক্তরাষ্ট্রে আতঙ্ক, প্রশ্নের মুখে মানবাধিকার

অনুসন্ধান | মাইনুল ইসলাম । বিশেষ প্রতিবেদন । যুক্তরাষ্ট্র

(৩ মাস আগে) ২৫ জানুয়ারি ২০২৬, রবিবার, ৬:৪২ পূর্বাহ্ন

banglahour

বিশ্বব্যাপী অভিবাসন পরিস্থিতি বর্তমানে এক অস্বাভাবিক ও অনিশ্চিত পর্যায়ের মধ্য দিয়ে যাচ্ছে। যুক্তরাষ্ট্রসহ ইউরোপের একাধিক দেশে অভিবাসন নীতি কঠোর হওয়ার ফলে তৈরি হয়েছে এক ধরনের ভিন্ন ও জটিল বাস্তবতা। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নতুন নতুন বক্তব্য ও নীতিগত অবস্থান আবারও অভিবাসন প্রশ্নকে আন্তর্জাতিক আলোচনার কেন্দ্রে নিয়ে এসেছে। এর প্রভাব পড়ছে সরাসরি অভিবাসীদের মানসিক নিরাপত্তায়।

যুক্তরাষ্ট্রে সাম্প্রতিক সময়ে ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট (আইস) পরিচালিত অভিযানে অবৈধ অভিবাসীর পাশাপাশি বৈধ স্থায়ী বাসিন্দা (গ্রিন কার্ডধারী) ব্যক্তিদেরও আইনি জটিলতার মুখে পড়ার ঘটনা সামনে এসেছে। আইনি বিশেষজ্ঞদের মতে, কিছু ক্ষেত্রে ভুল তথ্য বা অতীতের অপরাধের কারণে এমন পরিস্থিতি তৈরি হচ্ছে। তবে মার্কিন নাগরিকদের নিয়মিতভাবে আটক করা হচ্ছে। এমন দাবি সরকারি নথিতে নেই, বরং কিছু ক্ষেত্রে ভুল বোঝাবুঝি বা পরিচয় যাচাইজনিত সমস্যার কারণে নাগরিকদের সাময়িকভাবে হয়রানির অভিযোগ উঠেছে, যদিও তা পরবর্তীতে সংশোধিত হয়েছে।

আমেরিকান ইন্টারন্যাশনাল বার অ্যাসোসিয়েশনের পরিচালক এবং বাংলাদেশি বংশোদ্ভূত যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্ট লাইসেন্সপ্রাপ্ত অ্যাটর্নি এট ল মঈন চৌধুরী বলেন, “যারা মিথ্যা তথ্য দিয়ে গ্রিন কার্ড বা সিটিজেনশিপ অর্জন করেছেন, তাদের জন্য পরিস্থিতি সত্যিই ঝুঁকিপূর্ণ। যুক্তরাষ্ট্র সরকার মূলত অপরাধ, দুর্নীতি ও জালিয়াতির মাধ্যমে রাষ্ট্রীয় সুবিধা নেওয়া ব্যক্তিদের বিরুদ্ধেই কঠোর অবস্থান নিচ্ছে। তবে যারা সঠিক নিয়ম মেনে, কোনো অপরাধ ছাড়াই বসবাস করছেন, তাদের আতঙ্কিত হওয়ার কোন কারণ নেই।”

তিনি আরও বলেন, বর্তমানে অনেক অ্যাসাইলাম আবেদনকারীর ইন্টারভিউ দ্রুত নেওয়া হলেও চূড়ান্ত সিদ্ধান্ত স্থগিত রাখা হচ্ছে। এতে আবেদনকারীদের মধ্যে অনিশ্চয়তা ও মানসিক চাপ বাড়ছে।

এই পরিস্থিতিকে বৃহত্তর বৈশ্বিক প্রেক্ষাপটে দেখছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সাবেক অধ্যক্ষ এবং রামরু’র ভারপ্রাপ্ত নির্বাহী পরিচালক তাসনিম আরেফা সিদ্দিকি। তিনি বলেন, “বিশ্বজুড়েই এখন একটি কনজারভেটিভ ধারা প্রবল। বৈধ অভিবাসনের পথ সংকুচিত হচ্ছে, যা মানবাধিকার নীতির সঙ্গে সাংঘর্ষিক। যুক্তরাষ্ট্রে যা ঘটছে, তা মূলত এই কনজারভেটিভ রাজনৈতিক চিন্তাধারার বহিঃপ্রকাশ।”

তার মতে, এই ধরনের নীতি দীর্ঘস্থায়ী হয় না। “সরকার পরিবর্তনের সঙ্গে সঙ্গে নীতিরও পরিবর্তন আসে। ইউরোপে অভিবাসনবিরোধী অবস্থানের কারণে অর্থনৈতিক ক্ষতিও স্পষ্ট হচ্ছে। ‘থ্রেট পারসেপশন’ বা নিরাপত্তাভিত্তিক ভয় থেকেই এসব সিদ্ধান্ত নেওয়া হচ্ছে। কিন্তু শেষ পর্যন্ত তা সংশ্লিষ্ট দেশগুলোর জন্যই ক্ষতিকর। নিরাপদ ও নিয়মিত অভিবাসনের পথ খোলা রাখা ছাড়া বিকল্প নেই বলেই মনে করেন তিনি।”

অন্যদিকে, যুক্তরাষ্ট্রে বসবাসরত সাংবাদিক ও লেখক রিদওয়ান করিম মনে করেন, উন্নত দেশগুলোর অভিবাসন নীতিতে একটি মৌলিক দ্বন্দ্ব দীর্ঘদিন ধরেই বিদ্যমান। “উন্নত দেশগুলো বৈধ অভিবাসনকে উৎসাহিত করে, কারণ তাদের অর্থনৈতিক ও প্রযুক্তিগত উন্নয়নের জন্য দক্ষ জনশক্তি প্রয়োজন। কিন্তু অবৈধ অভিবাসন তারা কোনোভাবেই মেনে নিতে চায় না।”

তিনি বলেন, অবৈধ অভিবাসীদের বৈধতার সুযোগ দিলে অনেক সমস্যার সমাধান সম্ভব। “পৃথিবীতে কেউ অবৈধ হয়ে থাকতে চায় না। কিন্তু উন্নত দেশগুলো দাবি করে, অবৈধভাবে প্রবেশকারীদের একটি অংশ অপরাধে জড়িয়ে পড়ে। অপরাধ নিয়ন্ত্রণের কৌশল হিসেবে তারা বহিষ্কারের পথ বেছে নেয়। তবে যে ব্যক্তি সন্ত্রাসী নয়, শুধুমাত্র নিরুপায় হয়ে আশ্রয় নিয়েছে, তাকে বৈধ হওয়ার সুযোগ দিলে অপরাধও কমবে।”

রিদওয়ান করিমের মতে, একজন অভিবাসী যতদিন অবৈধ থাকে, ততদিন জীবিকার তাগিদে ঝুঁকিপূর্ণ পথ বেছে নিতে বাধ্য হয়। “অভিবাসন বৈধকরণ প্রক্রিয়া সহজ হলে অপরাধ প্রবণতাও স্বাভাবিকভাবে কমে আসবে।”

বিশ্লেষকদের মতে, বর্তমান বৈশ্বিক অভিবাসন সংকট শুধু আইন বা সীমান্ত নিয়ন্ত্রণের বিষয় নয়। এটি মানবাধিকার, অর্থনীতি, শ্রমবাজার এবং আন্তর্জাতিক নৈতিক দায়বদ্ধতার প্রশ্নের সঙ্গে গভীরভাবে যুক্ত। কঠোর নীতি সাময়িক রাজনৈতিক সুবিধা দিতে পারে, কিন্তু দীর্ঘমেয়াদে তা বৈশ্বিক স্থিতিশীলতার জন্য চ্যালেঞ্জ তৈরি করছে।

অনুসন্ধান থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯