কুড়িগ্রামের সীমান্ত এলাকায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) পরিচালিত পৃথক অভিযানে গবাদিপশুসহ বিপুল পরিমাণ চোরাচালানি ও অবৈধ পণ্য জব্দ করা হয়েছে। জব্দকৃত মালামালের আনুমানিক বাজারমূল্য প্রায় ২৯ লাখ ৪ হাজার ৮৫০ টাকা বলে জানিয়েছে বিজিবি।
কুড়িগ্রাম ব্যাটালিয়ন (২২ বিজিবি) সূত্রে জানা যায়, সীমান্তে চোরাচালান প্রতিরোধে গত ২৪ ঘণ্টায় একাধিক সমন্বিত অভিযান চালানো হয়। এসব অভিযানে ভারতীয় মহিষ ও গরুর পাশাপাশি মাদকদ্রব্য, কসমেটিকস সামগ্রী, বিভিন্ন ফল, কম্বল, বাইসাইকেল, ফুচকা, পেঁয়াজসহ নানা ধরনের নিষিদ্ধ ও অবৈধ পণ্য উদ্ধার করা হয়।
বিজিবি জানায়, সীমান্তবর্তী এলাকায় সক্রিয় চোরাচালান চক্রের তৎপরতা ঠেকাতে নিয়মিত টহল ও গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে। সাম্প্রতিক এই অভিযান সীমান্ত সুরক্ষা ও চোরাচালানবিরোধী কার্যক্রমে বাহিনীর কঠোর অবস্থানেরই বহিঃপ্রকাশ।
২২ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মাহবুব-উল-হক বলেন, দেশের সার্বভৌমত্ব রক্ষা, আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ এবং অর্থনৈতিক নিরাপত্তা নিশ্চিত করতে বিজিবি সর্বদা সতর্ক রয়েছে। চোরাচালানসহ সব ধরনের অবৈধ কর্মকাণ্ড দমনে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
