ভোটার প্রভাবিত করতে অর্থ ও উপহার বিতরণের অভিযোগ আমিনুল হকের
ঢাকা-১৬ আসনের ধানের শীষের প্রার্থী আমিনুল হক অভিযোগ করেছেন, আসন্ন জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে জামায়াত ইসলামী সাধারণ ভোটারদের প্রভাবিত করতে অর্থ ও নানা উপহার সামগ্রী বিতরণ করছে।
নির্বাচনী প্রচারণার ১৪তম দিনে বুধবার মিরপুর-১১ এলাকার আদর্শ নগরে গণসংযোগকালে তিনি এ অভিযোগ করেন। এ সময় তিনি বলেন, “একটি অশুভ চক্র বিভ্রান্তিমূলক তথ্য ছড়িয়ে এবং অর্থের প্রলোভন দেখিয়ে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের পরিবেশ নষ্ট করার অপচেষ্টা চালাচ্ছে।”
গণসংযোগকালে মিরপুর-১১ এলাকার প্রতিটি অলিগলি ঘুরে সাধারণ ভোটারদের সঙ্গে মতবিনিময় করেন আমিনুল হক। এ সময় তিনি নিজের নির্বাচনী ইশতেহার তুলে ধরে ভোটারদের সমর্থন কামনা করেন।
আমিনুল হক বলেন, “সাধারণ মানুষ এখন অনেক সচেতন। মিথ্যাচার বা কোনো ধরনের প্রলোভনে তারা পা দেবে না।” তিনি আশা প্রকাশ করেন, ভোটাররা গণতন্ত্র ও সুষ্ঠু নির্বাচনের পক্ষে রায় দেবেন।
গণসংযোগে স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরাও অংশ নেন।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
