ক্ষমতায় গেলে এ দেশকে যুবসমাজের হাতে তুলে দেওয়া হবে বলে জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। শনিবার (৭ ফেব্রুয়ারি) দুপুর ১২টায় মৌলভীবাজারের কুলাউড়ার নবীনচন্দ্র মাঠে আয়োজিত এক জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
ডা. শফিকুর রহমান বলেন, “যারা বুক চিতিয়ে দেশকে নতুন করে একটি অবস্থানে দাঁড় করিয়েছে, তাদের স্বপ্ন বাস্তবায়নে জামায়াতে ইসলামী ভবিষ্যতে আপসহীনভাবে কাজ করবে।” তিনি বলেন, তরুণরাই আগামীর বাংলাদেশ বিনির্মাণের মূল শক্তি।
বক্তব্যের শুরুতে স্থানীয় উন্নয়ন প্রসঙ্গে জামায়াত আমির বলেন, রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে সিলেট ওসমানী বিমানবন্দরকে পূর্ণাঙ্গ আন্তর্জাতিক বিমানবন্দরে রূপান্তর করা হবে। এতে প্রবাসী ও স্থানীয় জনগণের ভোগান্তি কমবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
এর আগে শনিবার বিকেলে সিলেটের আলিয়া মাদ্রাসা মাঠে জেলা ও মহানগর জামায়াতে ইসলামীর উদ্যোগে আয়োজিত আরেক নির্বাচনী জনসভায় বক্তব্য দেন ডা. শফিকুর রহমান। সেখানে তিনি বলেন, “আমরা দায়িত্ব পেলে পাঁচ বছরের মধ্যেই দেশের চেহারা পাল্টে যাবে। তরুণ প্রজন্ম ও মা-বোনদের স্বপ্নের যে নতুন বাংলাদেশ, তা এই সময়ের মধ্যেই দৃশ্যমান হবে।”
সিলেটের ইতিহাস তুলে ধরে জামায়াত আমির বলেন, “এই সিলেটে হযরত শাহজালাল (র.) তৎকালীন ফ্যাসিবাদের বিরুদ্ধে সংগ্রাম করতে এসেছিলেন। আমরা তারই উত্তরসূরি।” তিনি অভিযোগ করেন, গত ৫৪ বছর ধরে দেশে জুলুমের রাজনীতি চলছে এবং এর সবচেয়ে বেশি শিকার হয়েছে জামায়াতে ইসলামী।
ডা. শফিকুর রহমান আরও বলেন, “২০২৪ সালের ৫ আগস্টের পরই আমরা ঘোষণা দিয়েছিলাম জামায়াত কোনো জালিমের বিরুদ্ধে প্রতিশোধ নেবে না। আমরা ক্ষমা করেছি এবং আমাদের নেতাকর্মীরা সেই অবস্থানে অটল থেকেছেন। দল হিসেবে আমরা প্রতিশোধের রাজনীতি কিংবা মামলা বাণিজ্যে জড়াইনি, যদিও অনেকে তা করেছে।”
জনসভাগুলোতে জামায়াতে ইসলামের নেতাকর্মী ও সমর্থকদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়। নির্বাচনী প্রচারণায় দলটির ঘোষিত উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নে জনগণের সমর্থন প্রত্যাশা করেন জামায়াত আমির।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
