কুমিল্লার মুরাদনগর উপজেলায় নগদ ২ লাখ টাকাসহ মাওলানা হাবীবুর রহমান হেলালী নামে জামায়াতে ইসলামীর এক নেতাকে আটক করেছে স্থানীয়রা। পরে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে হেফাজতে নেয়।
বুধবার (১১ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার ছালিয়াকান্দি এলাকা থেকে বাজারের ব্যাগে থাকা টাকাসহ তাকে আটক করা হয়। তিনি কুমিল্লা-৩ (মুরাদনগর) আসনে জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী ইউসুফ সোহেলের ছালিয়াকান্দি ভোটকেন্দ্রের প্রধান সমন্বয়ক বলে জানা গেছে।
সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
স্থানীয়দের ভাষ্যমতে, ধামগড় থেকে ব্যক্তিগত গাড়িতে করে ছালিয়াকান্দিতে আসার সময় তার গতিবিধি সন্দেহজনক মনে হলে গাড়ি তল্লাশি করা হয়। গাড়ির পেছনে থাকা একটি বাজারের ব্যাগে পাতলা কম্বল দিয়ে ঢেকে রাখা ১ হাজার টাকার দুটি বান্ডিল পাওয়া যায়। পরে বিষয়টি ইউএনওকে জানানো হলে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও পুলিশ ঘটনাস্থলে যান।
ইউএনও আব্দুর রহমান বলেন, টাকা বিতরণের সময় হাতেনাতে ধরা না পড়ায় পরবর্তী আইনগত ব্যবস্থা জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট গ্রহণ করবেন।
এ বিষয়ে কুমিল্লা উত্তর জেলা জামায়াতে ইসলামীর আমির অধ্যাপক আব্দুল মতিন বলেন, “খবরটি এখনই শুনলাম। খোঁজ নিয়ে বিস্তারিত জানাব।”

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
