ঢাকা, ৩১ জুলাই ২০২৬, শুক্রবার, ১৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনে শান্তিপূর্ণ ভোটগ্রহণ, এগিয়ে ধানের শীষ

সারাদেশ | চট্রগ্রাম প্রতিনিধি।

(৫ মাস আগে) ১২ ফেব্রুয়ারি ২০২৬, বৃহস্পতিবার, ৯:১৯ অপরাহ্ন

banglahour

চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনে বিচ্ছিন্ন কিছু অপ্রীতিকর ঘটনা ছাড়া ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়েছে।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত একটানা ভোটগ্রহণ চলে। দিনভর অধিকাংশ কেন্দ্রেই ছিল শান্ত ও নিয়ন্ত্রিত পরিবেশ। ভোট শেষে প্রাপ্ত কেন্দ্রভিত্তিক ফলাফলে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী সরওয়ার আলমগীর এগিয়ে রয়েছেন বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।


বিচ্ছিন্ন সংঘর্ষ, দ্রুত নিয়ন্ত্রণে পরিস্থিতি
উপজেলার পাইন্দং ইউনিয়নের পাইন্দং উচ্চ বিদ্যালয়, নাজিরহাট পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের পূর্ব সুয়াবিল সরকারি প্রাথমিক বিদ্যালয়, ফটিকছড়ি সরকারি কলেজ কেন্দ্র, বাগানবাজার ইউনিয়নের চিকনছড়া উচ্চ বিদ্যালয় এবং দাঁতমারা ইউনিয়নের বালুটিলা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে বিএনপি ও জামায়াতের কর্মী-সমর্থকদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। তবে আইনশৃঙ্খলা বাহিনী দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
কেন্দ্র ও ভোটার তথ্য
উপজেলার ১৪০টি ভোটকেন্দ্রের ৯০০টি বুথে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। নির্বাচনকে ঘিরে আইনশৃঙ্খলা বাহিনীর ব্যাপক উপস্থিতি ও কড়াকড়ি নজরদারি ছিল চোখে পড়ার মতো। বিভিন্ন কেন্দ্রে ভোটারদের বিক্ষিপ্ত উপস্থিতি লক্ষ্য করা গেছে।


উপজেলার মোট ভোটার সংখ্যা ৪ লাখ ৮৮ হাজার ৪৬৫ জন।
পুরুষ ভোটার: ২,৫৯,১৯৭ জন
মহিলা ভোটার: ২,২৯,২৬৭ জন
তৃতীয় লিঙ্গ: ১ জন
প্রার্থীদের ভোটদান
জামায়াত মনোনীত প্রার্থী অধ্যক্ষ নুরুল আমিন সকাল পৌনে ৮টায় দক্ষিণ পাইন্দং মডেল উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ভোট দেন।
বিএনপি প্রার্থী সরওয়ার আলমগীর নুর আহমদ ইঞ্জিনিয়ার মেমোরিয়াল উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ভোটাধিকার প্রয়োগ করেন।


সুন্নি ঐক্য জোটের একতারা প্রতীকের প্রার্থী সৈয়দ সাইফুদ্দিন আহমদ মাইজভান্ডারি সকাল ১০টার দিকে মাইজভান্ডার বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ভোট দেন।


কয়েকটি কেন্দ্রের সকালভিত্তিক ভোটচিত্র
কেন্দ্র নং ৯১ (বাবুনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়): ২,২৮৫ ভোটারের মধ্যে সকাল ৯টা পর্যন্ত ৭০ ভোট।
কেন্দ্র নং ৯০ (বাবুনগর মাদ্রাসা): ৫,১৮০ ভোটারের মধ্যে সকাল ১০টা পর্যন্ত ৮০০ ভোট।


কেন্দ্র নং ৮৯ (দৌলতপুর আব্দুল বারী চৌধুরী উচ্চ বিদ্যালয়): ২,৫৭২ ভোটারের মধ্যে সকাল ১০টা পর্যন্ত ৪০০ ভোট।
কেন্দ্র নং ৮৮ (একই বিদ্যালয়): ২,৩৬১ ভোটারের মধ্যে সকাল ১০টা পর্যন্ত ৩২৭ ভোট।


কেন্দ্র নং ৯৪ (জামিয়া মিল্লিয়া আহমদিয়া কামিল মাদ্রাসা): ৩,৩৪৯ ভোটারের মধ্যে সকাল ১১টা পর্যন্ত ৮৫০ ভোট।
নিজ কেন্দ্রেও এগিয়ে ধানের শীষ
জামায়াত প্রার্থী অধ্যক্ষ নুরুল আমিনের নিজ কেন্দ্র পাইন্দং শ্বেতকুয়া কেন্দ্রে ধানের শীষ প্রতীক এগিয়ে রয়েছে। সেখানে ধানের শীষ পেয়েছে ১,১৩২ ভোট এবং দাঁড়িপাল্লা পেয়েছে ৯৬৬ ভোট।


প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা
এবার এ আসনে মোট আটজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। তারা হলেন—
সরওয়ার আলমগীর (ধানের শীষ), অধ্যক্ষ নুরুল আমিন (দাঁড়িপাল্লা), সৈয়দ সাইফুদ্দিন আহমদ মাইজভাণ্ডারী (একতারা), রবিউল হাসান তানজিম (ট্রাক), গোলাম নওশের আলী (কলম), জুলফিকার আলী মান্নান (হাতপাখা), আহমদ কবির করিম (ফুটবল) ও জিন্নাত আরা (হরিণ)।


সামগ্রিকভাবে বিচ্ছিন্ন কিছু ঘটনা ছাড়া ফটিকছড়িতে শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল পরিবেশে ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন। এখন সকলের দৃষ্টি চূড়ান্ত ফলাফল ঘোষণার দিকে।

সারাদেশ থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯