ফরিদপুরে চাঁদার টাকা না পেয়ে বিকাশ পরিবহনের বাস কাউন্টারে হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। এতে প্রতিষ্ঠানটির ম্যানেজার নাজির বিশ্বাস (৪৫) গুরুতর আহত হয়েছেন।
সোমবার শহরের পৌর বাস টার্মিনালে বিকাশ পরিবহনের কাউন্টারে এ ঘটনা ঘটে। আহত নাজির বিশ্বাস নড়াইলের লোহাগাড়া উপজেলার লাহুরিয়া গ্রামের ইসমাইল বিশ্বাসের ছেলে। তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আহত নাজির বিশ্বাস জানান, তিনি গত তিন বছর ধরে বিকাশ পরিবহনের ম্যানেজার হিসেবে কর্মরত আছেন এবং মালিক মারা যাওয়ার পর বর্তমানে তিনিই প্রতিষ্ঠানটি পরিচালনা করছেন। প্রতিদিন দূরপাল্লায় ১২টি ট্রিপ পরিচালিত হয়।
তার অভিযোগ, গত দেড় মাস ধরে কয়েকজন যুবক প্রতিটি ট্রিপ থেকে ৮টি সিট ও প্রতিটি সিটের বিপরীতে ১০০ টাকা দাবি করে আসছিল। তিনি এতে অস্বীকৃতি জানালে তাদের মধ্যে ক্ষোভ সৃষ্টি হয়। সর্বশেষ সোমবার সকালে এসে প্রতি গাড়িতে আটটি সিট না দিলে দুই লাখ টাকা চাঁদা দাবি করা হয়। পরে ১০-১৫ মিনিটের মধ্যে দেশীয় অস্ত্র নিয়ে ফিরে এসে অতর্কিত হামলা চালায়।
তিনি বলেন, “লোহার রড দিয়ে আমাকে মারধর করা হয় এবং একজন রামদা দিয়ে কোপ দিতে গেলে হাত দিয়ে ঠেকাই।” এ সময় প্রায় ৫ জন দুর্বৃত্ত হামলায় অংশ নেয় এবং তাদের হাতে রামদা ও লোহার দণ্ড ছিল। তিনি মিলন, সবুজ ও প্রিন্স নামে তিনজনকে শনাক্ত করতে পেরেছেন বলে জানান।
এ ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানিয়েছেন পরিবহন শ্রমিকরা।
ফরিদপুর কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল ইসলাম বলেন, লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
